কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নে অভিযান চালিয়ে টেকনাফ থেকে অপহৃত হওয়া মো. জসিম (১৫) নামের এক কিশোরকে উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১৫)। এ সময় অপহরণের সাথে জড়িত থাকার অভিযোগে জামাল হোসেন (৩১) নামের এক অপহরণকারীকে গ্রেপ্তার করা হয়।
]মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) এসআরবি-১৫ এর সহকারী পরিচালক আ. ম. ফারুক বিষয়টি নিশ্চিত করেন।
গ্রেপ্তার আসামি জামাল হোসেন টেকনাফ থানার হাতিয়ার ঘোনা এলাকার বশির আহমদের ছেলে।
ভুক্তভোগী পরিবারের অভিযোগে জানা যায়, জসিম গত ২৫ সেপ্টেম্নব রাত ১০ টায় বাসা থেকে বের হয়ে দক্ষিণ লেঙ্গুর বিল এলাকায় নিখোঁজ হয়। ২৭ সেপ্টেম্বর অজ্ঞাতনামা মোবাইল নম্বর হতে ভুক্তভোগীর বাবা সৈয়দ আহম্মদের ব্যবহৃত মোবাইলের ইমোতে ফোন দিয়ে ছেলের মুক্তিপণ হিসেবে ৩ লাখ টাকা দাবি করে। মুক্তিপণের টাকা না দিলে অপহরণকারীরা ভুক্তভোগীকে মেরে ফেলার হুমকি দেয়। এই পরিপ্রেক্ষিতে গত ২৮ সেপ্টেম্বর টেকনাফ থানায় একটি নিখোঁজ জিডি করা হয়।
এরই ধারাবাহিকতায় মঙ্গলবার ভোর আনুমানিক ৪টার দিকে এসআরবি-১৫, এর আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে উখিয়া থানাধীন রাজাপালং হাজংপাড়া রাস্তার মাথা এলাকায় অভিযান পরিচালনা করে ভুক্তভোগী জসিমকে অক্ষত অবস্থায় উদ্ধার করে। এ সময় অপহরণকারী চক্রের সদস্য অভিযুক্ত জামাল হোসেনকে গ্রেপ্তার করা হয়।
অভিযানকালে আসামির কাছ থেকে অপহরণের কাজে ব্যবহৃত একটি মোবাইল জব্দ করা হয়। গ্রেপ্তার আসামি এবং উদ্ধার ভুক্তভোগীতে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
পূর্বকোণ/নুসরাত/পারভেজ

















