কক্সবাজারের টেকনাফ থেকে নিখোঁজ রোহিঙ্গা নারী আল মোস্তফাকে (১৯) উদ্ধার করেছে ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) শালবাগান এপিবিএন ক্যাম্পের ইনচার্জ পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মোহাম্মদ মনজুরুল আবছার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, সোমবার (২৮ সেপ্টেম্বর) রাত আনুমানিক ৯টা ৪২ মিনিটের দিকে খবর আসে, শালবাগান রোহিঙ্গা ক্যাম্পের এক নারী আলীখালী রাস্তার মাথা থেকে মহাসড়ক দিয়ে লেদার দিকে হেঁটে যাচ্ছেন এবং এলোমেলোভাবে ঘোরাফেরা করছেন।
খবর পেয়ে রাত্রীকালীন কর্মকর্তা ও ফোর্স লেদা চেকপোস্টের সামনে গিয়ে জানতে পারেন ওই নারী লেদা টাওয়ারের সামনে অবস্থান করছেন। সেখানে গিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করলে তিনি নিজের নাম মোস্তফা বলে জানান। প্রাথমিকভাবে তিনি নিজের বাড়ি শালবাগান রোহিঙ্গা ক্যাম্প বলে জানান।
জিজ্ঞাসাবাদের সময় ওই নারী অসংলগ্ন কথাবার্তা বলছিলেন এবং বিভিন্ন সময়ে বিভিন্ন ঠিকানা উল্লেখ করছিলেন। এ অবস্থায় ক্যাম্প ইনচার্জ আশপাশের রোহিঙ্গা ক্যাম্পে খোঁজ নিয়ে তার বাবা-মায়ের পরিচয় শনাক্ত করেন। পরে তাদের ক্যাম্পে ডেকে আনা হলে তারা জানান আল মোস্তফা দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীন অবস্থায় রয়েছেন।
পরবর্তীতে নিখোঁজ হওয়ার বিষয়ে পরিবারের কোনো অভিযোগ না থাকায় এবং বাবা-মায়ের আবেদনের পরিপ্রেক্ষিতে তাকে তার বাবা-মায়ের জিম্মায় হস্তান্তর করা হয়।
পূর্বকোণ/নুসরাত/পারভেজ

















