চট্টগ্রামের রাউজানে জেলা গোয়েন্দা পুলিশ ও থানা পুলিশের যৌথ অভিযানে ডাকাতির প্রস্তুতিকালে তিন জনকে গ্রেপ্তার করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে একটি দেশীয় তৈরি এলজি, দুই রাউন্ড সীসা কার্তুজ, একটি রামদা ও একটি ছোরা উদ্ধার করা হয়।
সোমবার (২৯ সেপ্টেম্বর) দিবাগত রাতে রাত ৩টা ২৫ মিনিটে কদলপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের একটি মাদ্রাসার সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন—রাউজানের শাওয়াল খলিফার বাড়ির বদিউল আলমের ছেলে মো. শাহাদাত হোসেন সাজ্জাদ (৩০), পূর্ব রাউজান এলাকার মো. মুসার ছেলে মো. জাফর (৩৮) এবং একই এলাকার মো. সেলিম উদ্দিনের ছেলে মো. সাফায়েত হোসেন সিফাত (১৯)।
পুলিশ সূত্রে জানা যায়, কদলপুর এলাকায় একদল ডাকাত সমবেত হওয়ার খবর পেয়ে রাউজান থানা পুলিশ ও জেলা গোয়েন্দা শাখা অভিযান পরিচালনা করে ওই তিনজনকে গ্রেপ্তার করে। এসময় তাদের কাছ থেকে একটি দেশীয় তৈরি এলজি, দুই রাউন্ড সীসা কার্তুজ, একটি রামদা ও একটি ছোরা উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, গ্রেপ্তার সাজ্জাদ ও জাফর এলাকার শীর্ষ সন্ত্রাসী রায়হানের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে কাজ করতো। তারা রায়হানের নির্দেশে বিভিন্ন ব্যবসায়ী ও ব্যক্তির কাছ থেকে চাঁদা আদায় এবং অবৈধ বালু উত্তোলনের টাকা সংগ্রহ করে তার কাছে পৌঁছে দিত। অন্যদিকে, সাফায়েত হোসেন সিফাত রায়হানের নিয়ন্ত্রণে থাকা একটি কিশোর গ্যাং পরিচালনা করতো। এই কিশোর গ্যাংয়ের সদস্যরা এলাকায় ভয়ভীতি প্রদর্শন এবং রায়হানের বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডে সহযোগিতা করতো বলেও তথ্য পাওয়া গেছে।
বিষয়টি নিশ্চিত করে পুলিশ জানায়, রাউজানে রায়হানের নেটওয়ার্ক ও এর সাথে জড়িত অন্যান্য সদস্যদের শনাক্ত করতে অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে রাউজান থানায় ডাকাতির প্রস্তুতি ও অবৈধ অস্ত্র আইনে পৃথক মামলা রুজু করা হয়েছে।
পূর্বকোণ/পিআর

















