বান্দরবানে চার বছরের শিশুকে গলা টিপে হত্যার অভিযোগ উঠেছে তার আপন ফুফুর বিরুদ্ধে। সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে বান্দরবান সুয়ালক ইউনিয়নের ময়দার মিল এলাকা থেকে শিশুর নিথর দেহ উদ্ধার করা হয়।
এ ঘটনায় অভিযুক্ত ফুফু নার্গিস আক্তারকে (৩৪) আটক করেছে পুলিশ। নিহত শিশুর নাম তাইফা সুলতানা, সে স্থানীয় টিপু খানের মেয়ে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে নিজ ঘর থেকে বের হওয়ার পর নিখোঁজ হয় শিশু তাইফা। পরিবারের সদস্যরা তাৎক্ষণিকভাবে বান্দরবান সদর থানা-পুলিশকে বিষয়টি জানালে পুলিশ তদন্তে নামে। পরবর্তীতে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে হত্যাকাণ্ডের সত্যতা শনাক্ত করে পুলিশ। পরে অভিযুক্ত ফুফু নার্গিস আক্তারের বাসায় তল্লাশি চালিয়ে তাইফার মরদেহ উদ্ধার এবং অভিযুক্তকে আটক করা হয়।
নিহত তাইফার চাচা বাবুল খান জানান, দীর্ঘদিন ধরে তাদের পরিবারে পারিবারিক কলহ চলছিল। সেই শত্রুতার জের ধরেই তাইফাকে হত্যা করে থাকতে পারে।
বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ পারভেজ জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে শিশুটি গলা টিপে হত্যার কথা স্বীকার করেছেন আটক অভিযুক্ত। এ ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
পূর্বকোণ/রানা/পারভেজ

















