চট্টগ্রাম সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬

সর্বশেষ:

পৌরকর বৃদ্ধির প্রতিবাদে রাঙ্গুনিয়ায় মানববন্ধন

পৌরকর বৃদ্ধির প্রতিবাদে রাঙ্গুনিয়ায় মানববন্ধন

রাঙ্গুনিয়া সংবাদদাতা

২৮ সেপ্টেম্বর, ২০২৬ | ৭:৫৬ অপরাহ্ণ

চট্টগ্রামের রাঙ্গুনিয়া পৌরসভার হোল্ডিং ট্যাক্স (পৌরকর) বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৮ সেপ্টেম্বর) বেলা ১১টায় চট্টগ্রাম-কাপ্তাই মহাসড়কের রাঙ্গুনিয়া পৌরসভা কার্যালয়ের সামনে ‘পৌরসভার সাধারণ জনগণ ও বাড়িমালিকদের’ ব্যানারে এই কর্মসূচির আয়োজন করা হয়। এতে স্থানীয় ব্যবসায়ী, গৃহ মালিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, নাগরিক সেবা বৃদ্ধি না করেই পৌর কর্তৃপক্ষ হঠাৎ হোল্ডিং ট্যাক্স প্রায় ৪০ শতাংশ বাড়িয়ে দিয়েছে, যা সম্পূর্ণ অন্যায্য ও অযৌক্তিক। নিত্যপ্রয়োজনীয় পণ্যের ঊর্ধ্বগতির এই সময়ে অতিরিক্ত করের বোঝা সাধারণ মানুষের জীবনযাত্রাকে আরও দুর্বিষহ করে তুলবে। এছাড়া কর নির্ধারণে পৌর প্রশাসনের স্বচ্ছতার অভাব ও বৈষম্যের অভিযোগ তোলেন তারা।
প্রতিবাদ সভায় বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, আগে নাগরিক সেবা নিশ্চিত করতে হবে, তারপর করের বিষয়টি পুনর্বিবেচনা করা যাবে। এই অযৌক্তিক ও বর্ধিত কর অবিলম্বে প্রত্যাহার বা সহনীয় পর্যায়ে না আনলে সাধারণ জনগণকে সাথে নিয়ে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।
কর্মসূচি থেকে স্থানীয় প্রশাসন ও পৌর কর্তৃপক্ষের প্রতি অবিলম্বে বর্ধিত কর বাতিল করে একটি স্বচ্ছ ও জবাবদিহিমূলক কর ব্যবস্থা প্রণয়নের জোর দাবি জানানো হয়।
পূর্বকোণ/রানা/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট