চট্টগ্রামের রাউজানে চোর সন্দেহে দুই যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। পুলিশের হাতে তুলে দেওয়ার আগে দুই যুবককে গণপিটুনি দেন স্থানীয়রা।
সোমবার (২৮ সেপ্টেম্বর) সকালে উপজেলার পশ্চিম গুজরা ইউনিয়নের মগদাই বাজারে এই ঘটনা ঘটে।
আটককৃতরা হলেন, পশ্চিম গুজরা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মধ্যমপাড়া এলাকার মোহাম্মদ আরফান আলীর ছেলে মোহাম্মদ রাসেল (২৭) এবং একই এলাকার মোহাম্মদ বক্করের ছেলে মোহাম্মদ সাইমন (২৫)।
স্থানীয় সূত্র জানায়, গত কয়েক মাস ধরে এলাকাটিতে একের পর এক চুরির ঘটনা ঘটে আসছিল। কিছুদিন আগে মগদাই এলাকার আলতাফ হোসেনের বসতঘরের সামনে রাখা একটি ব্যাটারিচালিত রিকশা এবং একই রাতে মধ্যমপাড়ার একটি সিএনজি চালিত অটোরিকশা থেকে ব্যাটারি চুরি হয়।
সোমবার সকালে চুরি হওয়া ব্যাটারিগুলো বিক্রির পর তা সিএনজি অটোরিকশায় করে নিয়ে যাওয়ার সময় চালককে আটক করে স্থানীয়রা। পরবর্তীতে তার দেওয়া তথ্যের ভিত্তিতে রাসেল ও সাইমনকে আটক করা হয়। এ সময় ক্ষুব্ধ জনতা তাদের গণপিটুনি দিয়ে নোয়াপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আনিসুজ্জামানের নিকট হস্তান্তর করেন।
এ বিষয়ে নোয়াপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ জানান, স্থানীয়রা দুই যুবককে ব্যাটারিসহ আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে। আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
পূর্বকোণ/রানা/পারভেজ

















