চট্টগ্রাম রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬

সর্বশেষ:

ট্রাকচাপায় বাবার চোখের সামনেই শিশুকন্যার মৃত্যু

ট্রাকচাপায় বাবার চোখের সামনেই শিশুকন্যার মৃত্যু

পটিয়া সংবাদদাতা

২৭ সেপ্টেম্বর, ২০২৬ | ১০:৪১ অপরাহ্ণ

বাবা নন্দন বড়ুয়ার সঙ্গে মোটরসাইকেলে ঘুরতে বের হয়েছিল সাত বছরের শিশুকন্যা বেখম বড়ুয়া। সঙ্গে ছিল নন্দন বড়ুয়ার দুই ভাতিজা পার্থ বড়ুয়া (৬) ও তীর্থ বড়ুয়া (৫)। আদরের সন্তান আর ভাতিজাদের বায়না মেটাতে ঘুরতে বের হওয়া সেই আনন্দের যাত্রা মুহূর্তেই রূপ নিল এক বিষাদময় ট্র্যাজেডিতে। দ্রুতগতির এক মালবোঝাই ট্রাকের চাপায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছে  নন্দনের শিশুকন্যা বেখম। এই মর্মান্তিক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছে অপর দুই শিশু।
 
রবিবার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে পটিয়া উপজেলার কোলাগাঁও ইউনিয়নের কাচারিপুকুর এলাকায় পাঁচুরিয়া-মইজ্জারটেক সড়কে এ দুর্ঘটনা ঘটে।
 
স্থানীয় বাসিন্দা সুজন বড়ুয়া জানান, বিকেলে ঘুরতে যাওয়ার জন্য মেয়ে ও দুই ভাতিজা বায়না ধরলে তাদের মোটরসাইকেলে নিয়ে বের হন নন্দন বড়ুয়া (৪০)। পাঁচুরিয়া এলাকায় ঘুরে আবার বাড়ির দিকে ফিরছিলেন তারা।
 
বাড়ি ফেরার পথেই কাল হয়ে দাঁড়ায় একটি মালবোঝাই ট্রাক। কাচারিপুকুর এলাকায় বিপরীত দিক থেকে আসা ট্রাকটি তাদের মোটরসাইকেলে সজোরে চাপা দেয়। এতে বেখম বড়ুয়া বাইক থেকে ছিটকে ট্রাকের চাকার নিচে পড়ে ঘটনাস্থলেই মারা যায়। একই দুর্ঘটনায় গুরুতর আহত হয় পার্থ বড়ুয়া ও তীর্থ বড়ুয়া। তাদের আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
 
পূর্বকোণ/রানা/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট