চট্টগ্রাম রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬

সর্বশেষ:

১০০ একরের মৎস্যঘেরে বিষপ্রয়োগ, সর্বস্বান্ত ৮ চাষি

১০০ একরের মৎস্যঘেরে বিষপ্রয়োগ, সর্বস্বান্ত ৮ চাষি

ঈদগাঁও সংবাদদাতা

২৭ সেপ্টেম্বর, ২০২৬ | ৯:০৩ অপরাহ্ণ

কক্সবাজারের ঈদগাঁও উপজেলাতে প্রায় ১০০ একর আয়তনের একটি মৎস্যঘেরে বিষ প্রয়োগ করে মাছ নিধনের অভিযোগ উঠেছে। এতে ৮ জন মাছচাষি সর্বস্বান্ত এবং প্রায় ৯০ লাখ টাকা লোকসান হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগীরা।
 
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) গভীর রাতে উপজেলার পোকখালী ইউনিয়নের ফরিদ মৌলভীর ঘোনায় এই ঘটনাটি ঘটে।
 
সরেজমিনে গিয়ে দেখা যায়, সুবিশাল জলাশয়ে থমথমে নীরবতা। হাজার হাজার রুই, কাতলা, মৃগেলসহ বিভিন্ন প্রজাতির মৃত মাছ পানিতে ভেসে আছে। ঘেরের পাড়ে উড়াউড়ি করছে বক ও নানা প্রজাতির পাখি, স্থানীয় শিশু-কিশোরদের মরা মাছ কুড়াতে দেখা গেছে।
 
ক্ষতিগ্রস্ত মাছচাষি মনজুর আলম ও বেলাল আহমদ বলেন, এনজিও, আত্মীয়স্বজন ও ব্যাংক থেকে ঋণ নিয়ে ৮ জন মিলে এই ঘেরে প্রায় ৯০ লাখ টাকা বিনিয়োগ করেছিলাম। মাছগুলো বাজারে বিক্রির একদম উপযুক্ত সময় হয়েছিল। ঠিক এই সময় দুর্বৃত্তরা আমাদের সব স্বপ্ন শেষ করে দিল।
 
তাদের অভিযোগ, শুক্রবার গভীর রাতে ১০ থেকে ১২ জনের একটি সংঘবদ্ধ দুর্বৃত্ত দল ঘেরে ঢুকে বিষ প্রয়োগ করে পালিয়ে যায়। শনিবার সকালে এসে চারদিকে শুধু মরা মাছ ভেসে থাকতে দেখা যায়। ভুক্তভোগীরা জানান, তারা এখন পুরোপুরি দিশেহারা। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত, অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং সরকারের কাছে জরুরি আর্থিক সহায়তার আবেদন জানিয়েছেন।
 
ঈদগাঁও উপজেলা মৎস্য কর্মকর্তা সুজয় পাল বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। ভুক্তভোগী চাষিদের সুনির্দিষ্টভাবে অভিযুক্তদের নাম উল্লেখ করে থানায় মামলা দায়েরের পরামর্শ দেওয়া হয়েছে। মৎস্য বিভাগের পক্ষ থেকে তাদের সব ধরনের সহায়তা করা হবে।
 
ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) এটিএম সিফাতুল মাজদার জানান, আমরা ঘটনার খবর পেয়েছি। লিখিত অভিযোগ পেলেই দ্রুত তদন্ত শুরু করা হবে এবং জড়িতদের আইনের আওতায় এনে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
 
পূর্বকোণ/রানা/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট