চট্টগ্রাম রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬

সর্বশেষ:

পূজার আলোকসজ্জার তারে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

পূজার আলোকসজ্জার তারে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

রাঙ্গুনিয়া সংবাদদাতা

২৭ সেপ্টেম্বর, ২০২৬ | ৮:৩৩ অপরাহ্ণ

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় নিজ ঘরে পূজার আলোকসজ্জার বাল্ব লাগাতে গিয়ে তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে উজ্জ্বল শীল (৩২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
 
গত শনিবার (২৬ সেপ্টেম্বর) রাতে উপজেলার হোছনাবাদ ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের শীল পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত উজ্জ্বল শীল একই এলাকার সুধন শীলের ছেলে। পারিবারিক সুত্রে জানা গেছে, তিনি ছুটি কাটাতে দুবাই থেকে দেশে এসেছিলেন। তার স্ত্রী ও তার চার বছরের একটি কন্যা সন্তান রয়েছে।
 
নিহতের প্রতিবেশী মাস্টার প্রতীক পাল জানান, শনিবার রাতে ঘরে পূজার আয়োজন উপলক্ষে বৈদ্যুতিক বাল্ব লাগানোর সময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হন উজ্জ্বল। স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে চিকিৎসকের কাছে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
 
রাঙ্গুনিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহির উদ্দিন জানান, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই নিহতের লাশ সৎকারের অনুমতি দেওয়া হয়।
 
পূর্বকোণ/রানা/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট