চট্টগ্রাম রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬

সর্বশেষ:

চুয়েট শিক্ষার্থীদের প্রতীকী ‘প্রশ্নযাত্রা’

আন্দোলন গড়ালো ষষ্ঠ দিনে

চুয়েট শিক্ষার্থীদের প্রতীকী ‘প্রশ্নযাত্রা’

রাউজান সংবাদদাতা

২৭ সেপ্টেম্বর, ২০২৬ | ৭:১৪ অপরাহ্ণ

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) সাবেক উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে পুনর্বহালের দাবিতে ষষ্ঠ দিনের মতো লাগাতার আন্দোলন চালিয়ে যাচ্ছেন শিক্ষার্থীরা। 
 
রবিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে ক্যাম্পাসে ‘৫৬?’ লেখা লাল কাগজ হাতে প্রতীকী প্রশ্নযাত্রা করেন তাঁরা। এ সময় ‘আমাদের দাবি একটাই, সায়েম স্যারকে ভিসি চাই’ স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো ক্যাম্পাস।
 
আন্দোলনরত শিক্ষার্থীদের হাতে থাকা লাল কাগজে বড় করে লেখা ছিল ‘৫৬?’। কারও হাতে কাগজটি উঁচুতে ধরা ছিল, আবার কেউ সেটি বুকের সামনে ধরে এই কর্মসূচিতে অংশ নেন। মাত্র ৫৬ দিন দায়িত্ব পালনের পর অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েমকে কেন উপাচার্যের পদ থেকে সরিয়ে দেওয়া হলো? মূলত এই প্রশ্নটিকেই প্রতীকীভাবে ফুটিয়ে তুলেছেন শিক্ষার্থীরা। রবিবারের কর্মসূচিটিতে দ্রুত দাবি মেনে নিয়ে দ্রুত একাডেমিক কার্যক্রমে ফেরার প্রত্যাশার কথাও জানান তারা।
 
প্রতীকী প্রশ্নযাত্রায় অংশ নেওয়া কম্পিউটার বিজ্ঞান ও কৌশল বিভাগের ২৪ আবর্তের শিক্ষার্থী আয়েশা করিম সোহা বলেন, মাত্র ৫৬ দিনের মধ্যে আমাদের ভিসিকে পরিবর্তন করা হয়েছে। আজ ছয় দিন ধরে আমরা আন্দোলন করছি। আমাদের প্রশ্ন, এটা আর কত দিন চলবে? ৫৬ দিনে স্যারের করা কাজগুলোর কথা আমরা স্মরণ করি এবং তাকে আবারও আমাদের ভিসি হিসেবে দেখতে চাই।
 
ইলেকট্রনিকস অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের ২২ আবর্তের শিক্ষার্থী সাদনান ওয়াসি বলেন, আমাদের খুব শিগগিরই ক্লাসে ফিরতে হবে। ইতোমধ্যে আমাদের অনেক সেশনজট হয়ে গেছে, আমরা আর এটি বাড়াতে চাই না। তাই দ্রুত সায়েম স্যারকে পুনরায় ভিসি করে আমাদের দাবি মেনে নেওয়া হোক।
 
সায়েমকে পুনর্বহালের দাবিতে গত ছয় দিন ধরে চুয়েটে ‘শাটডাউন’ কর্মসূচি চলছে। শিক্ষার্থীদের আন্দোলনের মুখে উপাচার্য ভবনে তালা ঝুলে রয়েছে। এর আগে সমাবেশ, বিক্ষোভ মিছিল, সংবাদ সম্মেলন ও মধ্যরাতে বিক্ষোভের পাশাপাশি নতুন উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলমের অনলাইনে যোগদান প্রত্যাখ্যান করে ‘লাল কার্ড’ প্রদর্শন করেন শিক্ষার্থীরা। তাঁদের এক দফা দাবি- অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েমকে অবিলম্বে পুনর্বহাল করতে হবে।
 
এদিকে চুয়েটের সাবেক উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে সমর্থন জানিয়ে এবং তাঁর কাজের প্রশংসা করে বিবৃতি দিয়েছেন ১২টি আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের ১২ অধ্যাপক।
 
শিক্ষার্থীরা জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন তারা।
 
পূর্বকোণ/রানা/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট