চট্টগ্রাম রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬

সর্বশেষ:

উখিয়ায় অস্ত্রসহ হত্যা মামলার আসামি গ্রেপ্তার

উখিয়ায় অস্ত্রসহ হত্যা মামলার আসামি গ্রেপ্তার

উখিয়া সংবাদাতা

২৭ সেপ্টেম্বর, ২০২৬ | ৬:২৫ অপরাহ্ণ

কক্সবাজারের উখিয়ায় কুতুপালং রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে অভিযান চালিয়ে চাঞ্চল্যকর কেফায়াত হত্যা মামলার এজাহারভুক্ত পলাতক আসামি মোহাম্মদ জুবায়ের (২৫)কে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১৫ (এসআরবি)। এ সময় তার কাছ থেকে একটি দেশীয় ওয়ান শুটার গান ও একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
 
গ্রেপ্তার জুবায়ের কুতুপালং ক্যাম্পের মৃত কবির আহমেদ ও জহুরা বেগমের ছেলে।
 
শনিবার (২৬ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ৩ টার দিকে কুতুপালং রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প-২ ওয়েস্টের ডি/৯ ব্লকে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
 
বিষয়টি নিশ্চিত করেছেন এসআরবি-১৫ এর সহকারী পরিচালক (ল’ অ্যান্ড মিডিয়া) সহকারী পুলিশ সুপার আ. ম ফারুক।
 
এসআরবি-১৫ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কুতুপালং ক্যাম্পের একটি বসতঘরে অভিযান চালায় সিপিসি-২-এর হোয়াইক্যং ক্যাম্পের একটি টিম। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি টের পেয়ে জুবায়ের পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়। পরবর্তীতে তল্লাশিকালে তার দেওয়া তথ্যের ভিত্তিতে শোবার ঘরের সাথে লাগানো ডাইনিং রুমের একটি প্লাস্টিকের টেবিলের নিচ থেকে ওয়ান শুটার গানটি উদ্ধার করা হয়। এ সময় একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোনও উদ্ধার করা হয়।
 
আইনশৃঙ্খলা বাহিনী জানায়, গ্রেপ্তার জুবায়ের উখিয়ার আলোচিত কেফায়াত হত্যা মামলার এজাহারভুক্ত আসামি। এছাড়া তার বিরুদ্ধে উখিয়া থানায় আরও একটি অস্ত্র মামলা রয়েছে।
 
গ্রেপ্তার আসামিকে উদ্ধারকৃত অস্ত্রসহ পরবর্তী আইনগত ব্যবস্থার জন্য উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
 
পূর্বকোণ/মিফতা/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট