চট্টগ্রাম রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬

সর্বশেষ:

পেকুয়ায় বৃদ্ধ ইউসুফ আলী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

পেকুয়ায় বৃদ্ধ ইউসুফ আলী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

পেকুয়া সংবাদদাতা

২৭ সেপ্টেম্বর, ২০২৬ | ৫:৪৪ অপরাহ্ণ

কক্সবাজারের পেকুয়ায় নলকূপের পানি নেওয়াকে কেন্দ্র করে বৃদ্ধ ইউসুফ আলীকে পিটিয়ে হত্যার ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি আকাশ মিয়াকে গ্রেপ্তার করেছে পেকুয়া থানা পুলিশ।

রবিবার (২৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮ টার দিকে কুতুবদিয়া উপজেলার লেমশী খালী থেকে পেকুয়া থানা পুলিশ তাকে গ্রেপ্তার করেন।

গত শুক্রবার (২৫ সেপ্টেম্বর) টইটংয়ের খুইন্যাভিটা এলাকার নুরুল কাদের, ফাহিমা জান্নাত এবং সালমা বেগমকে রাতে র‍্যাব চট্টগ্রাম নগরীর চাঁন্দগাঁও এলাকা থেকে গ্রেপ্তার করেন।

নিহত ইউসুফ আলী টইটং ইউনিয়নের আলিম্যারঝিরি এলাকার কাদের বখশের ছেলে। নিহতের স্ত্রী ছেনুয়ারা বেগম বাদী হয়ে গত (৯ সেপ্টেম্বর) রাতে পেকুয়া থানায় হত্যা মামলা দায়ের করেন। এ ঘটনায় একই পরিবারের পাঁচজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত ৩ থেকে ৪ জনকে আসামি করা হয়। 

পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, হত্যা মামলার প্রধান আসামি আকাশ মিয়া কুতুবদিয়ায় আত্মগোপনে ছিল। আমরা অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করি। আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

গত (৬ সেপ্টেম্বর) বিকেলে টইটং ইউনিয়নের আলিম্যারঝিরি এলাকায় নলকূপ থেকে পানি নেওয়াকে কেন্দ্র করে ইউসুফ আলীর সঙ্গে আসামিদের বিরোধ সৃষ্টি হয়। একপর্যায়ে তাকে দুই দফায় মারধর করা হয়। পরে মাথায় তুলে পাকা সড়কের ওপর আছাড় মারে। এতে তিনি গুরুতর আহত হন।

গুরুতর আহত ইউসুফ আলীকে প্রথমে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ওই দিনই  তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

পূর্বকোণ/প্রান্ত/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট