চট্টগ্রামের আনোয়ারায় নিজ বাড়ি থেকে তাসফিয়া খানম ইভা (১৫) নামের এক কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার বারশত ইউনিয়নের দুধকুমড়া গ্রামের বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত তাসফিয়া খানম ইভা ওই গ্রামের মো. ইসমাইলের মেয়ে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় ইভার মা জাহানারা বেগম বাড়ির উঠানে কাজ করছিলেন। পরে ঘরে ঢুকতে গিয়ে তিনি দরজা ভেতর থেকে বন্ধ দেখতে পান। কোনো সাড়া না পেয়ে বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা এগিয়ে আসেন এবং পুলিশে খবর দেন। খবর পেয়ে আনোয়ারা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে ঘরের দরজা ভেঙে ইভার মরদেহ উদ্ধার করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুনায়েত চৌধুরী জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে কিশোরীর মরদেহ উদ্ধার করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করেছে।
পূর্বকোণ/রানা/পারভেজ

















