চট্টগ্রামের মিরসরাই বিসিক শিল্পনগরীতে নাছির কেমিক্যাল নামের একটি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে মিরসরাই সদর ইউনিয়নের ওয়্যারলেস এলাকায় এই দুর্ঘটনা ঘটে। কারখানায় দাহ্য কেমিক্যাল থাকায় আগুন দ্রুত চারদিকে ছড়িয়ে পড়ে। পরে ফায়ার সার্ভিসের দীর্ঘ আড়াই ঘণ্টার চেষ্টার পর রাত ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে কারখানাটিতে হঠাৎ আগুন লাগার পর মুহূর্তেই পুরো কারখানায় ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। কারখানার ভিতরে কেমিক্যাল থাকায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিস কর্মীদের বেশ বেগ পেতে হয়। প্রায় আড়াই ঘণ্টা চেষ্টা চালিয়ে তারা আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।
মিরসরাই ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশনের কর্মকর্তা হ্লা মারমা জানান, এই অগ্নিকাণ্ডের ঘটনায় হতাহতের খবর পাওয়া যায়নি। প্রায় আড়াই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে । আগুন লাগার প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে পরবর্তীতে জানা যাবে।
এদিকে কারখানায় আগুন লাগার পর থেকে কারখানা সংশ্লিষ্ট দায়িত্বশীল কাউকে ঘটনাস্থলে পাওয়া যায়নি। যে কারণে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির বিষয়ে কারখানা কর্তৃপক্ষের তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।
পূর্বকোণ/রানা/পারভেজ

















