চট্টগ্রাম শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬

সর্বশেষ:

রাউজানে গভীর রাতে পিকআপে আগুন

রাউজানে গভীর রাতে পিকআপে আগুন

রাউজান সংবাদদাতা

২৬ সেপ্টেম্বর, ২০২৬ | ৮:৫৪ অপরাহ্ণ

চট্টগ্রামের রাউজানে গভীর রাতে সড়কের পাশে রাখা একটি পিকআপ ভ্যানে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। শুক্রবার দিবাগত রাতে পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের কুণ্ডেশ্বরী এলাকায় চট্টগ্রাম-রাঙামাটি সড়কের পাশে এই ঘটনা ঘটে। এতে পিকআপটি সম্পূর্ণ পুড়ে যায়।

এর আগে গত মঙ্গলবার উপজেলার গহিরা এলাকায় একটি ড্রাম ট্রাকে আগুন দেওয়ার ঘটনা ঘটেছিল। মাত্র কয়েক দিনের ব্যবধানে দুটি যানবাহনে আগুন দেওয়ার ঘটনায় স্থানীয়দের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, কুণ্ডেশ্বরী এলাকার একটি বাড়ির সামনে সড়কের পাশে পিকআপ ভ্যানটি রেখেছিলেন মালিক টিপু দাশ। সাধারণত তিনি গাড়িটি বাড়ির ভেতরে রাখেন, তবে শুক্রবার রাতে সড়কের পাশে রেখে বাসায় যান। পরে গভীর রাতে দুর্বৃত্তরা গাড়িটিতে আগুন ধরিয়ে দেয় বলে ধারণা করা হচ্ছে।

শনিবার ভোরে স্থানীয়রা পিকআপটি পোড়া অবস্থায় দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে। তবে কারা এবং কী কারণে এই অগ্নিসংযোগ করেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো মামলা বা লিখিত অভিযোগ দায়ের করা হয়নি।

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন এবং তদন্তের জন্য প্রয়োজনীয় তথ্য-উপাত্ত সংগ্রহ করেছে। এ ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে পুলিশ কাজ করছে। তিনি আরও জানান, এর আগে গহিরা এলাকায় ড্রাম ট্রাকে আগুন দেওয়ার ঘটনা ঘটলেও দুই ঘটনার একটিতেও কেউ এখনো লিখিত অভিযোগ দেয়নি।

পূর্বকোণ/রানা/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট