চট্টগ্রাম শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬

সর্বশেষ:

বর্জ্য ব্যবস্থাপনা ও বিদ্যুৎ প্রকল্প পরিদর্শন মীর শাহে আলমের

বর্জ্য ব্যবস্থাপনা ও বিদ্যুৎ প্রকল্প পরিদর্শন মীর শাহে আলমের

উখিয়া সংবাদদাতা

২৬ সেপ্টেম্বর, ২০২৬ | ৮:৩৮ অপরাহ্ণ

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন ও ব্যবস্থাপনা প্রকল্প পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লি উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি।

শনিবার (২৬ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত উখিয়ার ২ ডব্লিউ এবং ৪ এক্সটেনশন রোহিঙ্গা আশ্রয়শিবিরের বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন তিনি। এ সময় বর্জ্য ব্যবস্থাপনা ও নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোকে সম্পৃক্ত করার ওপর জোর দেন প্রতিমন্ত্রী।

তিনি জানান, ছাদ ও স্থানীয় সরকার প্রতিষ্ঠানের বিভিন্ন স্থাপনায় সোলার সিস্টেম স্থাপন করে নিজেদের চাহিদা মেটানোর পাশাপাশি জাতীয় গ্রিডে অতিরিক্ত বিদ্যুৎ সরবরাহের পরিকল্পনা রয়েছে। এই লক্ষ্যে ইতোমধ্যে দেশজুড়ে প্রায় সাড়ে ছয় হাজার প্রতিষ্ঠানে সৌরবিদ্যুৎ চালুর উদ্যোগ নেওয়া হয়েছে এবং কেন্দ্রীয়ভাবে ৩৭০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এছাড়া ২০২৭ সালের ২৭ ফেব্রুয়ারির মধ্যে ছাদ থেকে সৌরবিদ্যুৎ উৎপাদনে বিশেষ প্যাকেজের আওতায় প্রতি ইউনিট বিদ্যুৎ ১০ টাকা ৫০ পয়সা দরে কেনা হবে বলে জানান তিনি।

প্রধানমন্ত্রীর নির্দেশেই উখিয়ার এই প্রকল্প পরিদর্শনে এসেছেন উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, বিশেষজ্ঞদের সাথে আলোচনা করে কক্সবাজারসহ অন্যান্য অঞ্চলেও এ ধরনের প্রকল্প বাস্তবায়নের সম্ভাবনা পর্যালোচনা করা হবে।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংসদ সদস্য লুৎফর রহমান কাজল ও জসীম উদ্দীন আহমেদ, উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা পান্না আক্তার, উপজেলা বিএনপির সভাপতি সরওয়ার জাহান চৌধুরীসহ স্থানীয় প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তারা।

পূর্বকোণ/রানা/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট