চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার রাজখালী খালে পড়ে মো. মিনহাজ (১২) নামের এক মাদ্রাসাছাত্রের মৃত্যু হয়েছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল ৯টায় উপজেলার ইসলামপুর ইউনিয়নের ২নং ওয়ার্ড খতিব নগর এলাকায় এ ঘটনা ঘটে।
মিনহাজ ওই এলাকার মো. ইব্রাহিমের ছেলে। সে ইসলামপুর তৈয়্যবিয়া তাহেরিয়া ছত্তারিয়া সুন্নিয়া মাদ্রাসার হিফজ বিভাগের ছাত্র।
জানা যায়, গত তিন দিন পূর্বে অসুস্থতার কারণে চিকিৎসার জন্য মাদ্রাসার হিফজ বিভাগ থেকে মিনহাজের মা ছুটি নিয়ে তাকে বাড়িতে নিয়ে যান। আজ সকাল ১১টায় মাদ্রাসা নিয়ে আসার কথা ছিল তাকে। কিন্তু সকালে মিনহাজ তার বন্ধুদের সাইকেল নিয়ে বের হয়ে যায়। পরে নিজের সাইকেল বাড়িতে রেখে আবার বন্ধুর সাইকেলে করে ঘুরতে বের হয়ে যায়। একপর্যায়ে এলাকার রাজখালী খালের পাড় দিয়ে যাওয়ার সময় সে সাইকেল থেকে খালে পড়ে যায়। পরে মিনহাজের বন্ধু পেছনে ফিরে দেখে মিনহাজ খালে পড়ে গেছে। তখন সে চিৎকার করলে এলাকার মানুষ এসে মিনহাজকে উদ্ধার করে রাঙামাটি মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে মাদ্রাসার সুপার মাওলানা নুরুল আলম বলেন, মুহাম্মদ মিনহাজ খুবই মেধাবী ছিল। সে অল্প সময়ের মধ্যে ৪ পারা পবিত্র কোরআন হিফজ করেন। তার এমন মৃত্যুতে আমরাও শোকাহত।
এ বিষয়ে রাঙ্গুনিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহির উদ্দিন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
পূর্বকোণ/পিআর

















