চট্টগ্রাম শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬

টেকনাফে সমুদ্রপথে মালয়েশিয়া পাচারকালে ১৭ জন উদ্ধার

টেকনাফে সমুদ্রপথে মালয়েশিয়া পাচারকালে ১৭ জন উদ্ধার

টেকনাফ সংবাদদাতা 

২৬ সেপ্টেম্বর, ২০২৬ | ১১:৫৬ পূর্বাহ্ণ

কক্সবাজারের টেকনাফে সমুদ্রপথে অবৈধভাবে মালয়েশিয়া পাচারের উদ্দেশ্যে আটকে রাখা ১৭ জন জিম্মিকে উদ্ধার করেছে এসআরবি-১৫। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যায়  টেকনাফ সদর ইউনিয়নের দক্ষিণ লম্বরী এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে তাদের উদ্ধার করা হয়। 
 
 
উদ্ধার হওয়া ভিকটিমরা কক্সবাজার ও বান্দরবান জেলার বিভিন্ন উপজেলার বাসিন্দা। তারা হলেন- বান্দরবান জেলার লামা থানার মো.  জাফর আলম, মো. নুরুল হুদা, মো. শাহিন শাহরিয়ার হৃদয়, মো. বেলাল, মো. রফিকুল ইসলাম, মো. সাফায়েত হোসেন, মো. জাফর আলম এবং কক্সবাজার জেলার চকরিয়া, পেকুয়া, রামু, সদর ও টেকনাফ থানার মো. মামুনুর রশিদ, মো. তাফসির, মো. আশরাফ হোসেন, মো. বাবুল, মো. আনসার উদ্দিন, মো. নুরুল আফসার, মো. সাইফুল ইসলাম, মো. সাইফুল ইসলাম, মো. জোবায়ের, মো. নুর মোস্তফা।
 
 
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টায় বিষয়টি নিশ্চিত করেছেন এসআরবি-১৫ মিডিয়া কর্মকর্তা আ ম ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন। 
 
 
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি জানতে পারে, একটি সংঘবদ্ধ মানবপাচারকারী চক্র অসহায় কিছু ব্যক্তিদের অবৈধভাবে  সমুদ্রপথে মালয়েশিয়া পাচারের উদ্দেশ্যে দক্ষিণ লম্বরী এলাকার মো. ইব্রাহীমের বাড়িতে জড়ো করেছে। এমন তথ্যের ভিত্তিতে গত ২৫ সেপ্টেম্বর সন্ধ্যায় দক্ষিণ লম্বরীর ইব্রাহীমের বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। এসআরবির উপস্থিতি বুঝতে পেরে চতুর পাচারকারীরা কৌশলে পালিয়ে যায়। পরে তল্লাশি চালিয়ে ঘটনাস্থল থেকে ১৭ জনকে উদ্ধার করা হয়।
 
 
তিনি আরও জানান, প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, মানবপাচারকারী চক্রটি শ্রম আদায়ের ফাঁদে ফেলে এই নিরীহ মানুষগুলোকে নৌপথে বিদেশে পাচারের জন্য ওই বাড়িতে জড়ো করেছিল। এ ঘটনায় পলাতক ও অজ্ঞাতনামা পাচারকারীদের শনাক্ত এবং গ্রেপ্তারে এসআরবির  গোয়েন্দা নজরদারি ও তৎপরতা জোরদার করা হয়েছে। উদ্ধার ভিকটিমদের পরবর্তী আইনগত প্রক্রিয়া সম্পন্ন করার জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
 
পূর্বকোণ/পিআর 

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট