চট্টগ্রামে বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক তরুণের মৃত্যু হয়েছে। দুর্ঘটনার পর প্রায় ৩০ ঘণ্টা মৃত্যুর সঙ্গে লড়ে, শুক্রবার সন্ধ্যা ৮টার দিকে চট্টগ্রাম নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত মোহাম্মদ কায়ছার হামিদ রেজভী (২৭) রাউজানের পূর্ব গুজরা ইউনিয়নের প্রবাসী মোজাম্মেল হকের পুত্র।
নিহতের স্বজন ও স্থানীয়রা জানান, গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে কাপ্তাই সড়কের কুয়াইশ ভরাপুকুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। কর্মস্থলে যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা এবি ট্রাভেলসের একটি বাস সিএনজিচালিত অটোরিকশাকে ধাক্কা দিলে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটির সাথে কায়ছারের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি গুরুতর আহত হন। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হলেও শেষ পর্যন্ত চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
জানা গেছে, নিহত কায়ছার হামিদ রেজভীর পিতা মোজাম্মেল হক বর্তমানে দুবাই প্রবাসী। তিন ভাইয়ের মধ্যে কায়ছার ছিলেন সবার বড়। তিনি নোয়াপাড়া ডিগ্রি কলেজের বিবিএ বিভাগের শিক্ষার্থী ছিলেন। পরিবারের আর্থিক দায়িত্বে বাবাকে সহযোগিতা করতে পড়াশোনার পাশাপাশি তিনি স্থানীয় একটি অ্যালুমিনিয়াম শোরুমে প্রায় আট মাস ধরে চাকরি করছিলেন।
সড়ক দুর্ঘটনায় আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় এই তরুণের আকস্মিক মৃত্যুর খবরে পরিবার, স্বজন, সহপাঠী ও পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। শোক প্রকাশ করেছেন তার শিক্ষক, বন্ধু ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
পূর্বকোণ/রানা/পারভেজ

















