চট্টগ্রামের মিরসরাইয়ে টাকা-পয়সার লেনদেন সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে মো. মহসিন (২৭) নামের এক যুবককে অপহরণের পর অক্ষত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে ।
পুলিশ সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকালে জোরারগঞ্জ থানার ইছাখালী ইউনিয়নের চরশরৎ এলাকার মিরসরাই অর্থনৈতিক অঞ্চল সংলগ্ন ভাবীর মোড় থেকে মহসিনকে অপহরণ করা হয়। পরবর্তীতে অপহরণকারীরা তার মা কামরুন নাহারের মুঠোফোনে কল করে এক লাখ টাকা মুক্তিপণ দাবি করে। ভুক্তভোগীর পরিবার বিষয়টি তাৎক্ষণিকভাবে জোরারগঞ্জ থানা পুলিশকে অবহিত করলে থানায় একটি নিয়মিত অপহরণ মামলা দায়ের করা হয়।
মামলার পর অভিযানে নামে পুলিশ। পরে শুক্রবার ভোরে মিরসরাই অর্থনৈতিক অঞ্চল সংলগ্ন ভাবীর মোড়ের অটোরিকশা স্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে অপহৃত যুবককে উদ্ধার এবং অপহরণের সঙ্গে জড়িত পাঁচজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন সীতাকুণ্ড উপজেলার উত্তর ছলিমপুর এলাকার মো. আকরাম (৩০), সন্দ্বীপ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের মো. সাইফুল ইসলাম (২৮), মো. তাইজুল (২২), মো. ইমন (২৬) এবং সন্দ্বীপের রহমতপুর ইউনিয়নের মো. ইউনুছ (২৩)।
এ বিষয়ে জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হালিম জানান, গ্রেপ্তারকৃত পাঁচজনকে আদালতে সোপর্দ করা হয়েছে।
পূর্বকোণ/রানা/পারভেজ


















