মিয়ানমারে পাচারকালে চট্টগ্রামের মিরসরাইয়ে ৪৮ হাজার কেজি ইউরিয়া সার জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ সময় চোরাচালানে ব্যবহৃত চারটি ট্রাক ও একটি ফিশিং বোট জব্দ করা হয়। এই ঘটনায় জড়িত তিনজনকে আটক করে সার ব্যবস্থাপনা আইনে অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এবং মিরসরাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীরুল কাদের যৌথভাবে এই তথ্য নিশ্চিত করেন।
কোস্ট গার্ড সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে মিরসরাই থানার ইছাখালী ঘাটসংলগ্ন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালায় কোস্ট গার্ড স্টেশন মিরসরাই। অভিযানের সময় ট্রাক থেকে একটি ফিশিং বোটে ইউরিয়া সার স্থানান্তরের সময় তিনজনকে হাতেনাতে আটক করা হয়। এ সময় চারটি ট্রাকে থাকা মোট ৯৬০ বস্তা (মোট ৪৮ হাজার কেজি) ইউরিয়া সার জব্দ করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ৩৩ লাখ ৬০ হাজার টাকা। এছাড়া সার পাচারে ব্যবহৃত চারটি ট্রাক ও একটি ফিশিং বোটও জব্দ করা হয়।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, আটক তিনজনের বিরুদ্ধে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। চোরাচালান রোধে কোস্ট গার্ডের এমন অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
মিরসরাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীরুল কাদের জানান, কোস্ট গার্ডের অভিযানে আটক তিনজনকে জরিমানা করে পরবর্তীতে তাদের মুক্তি দেওয়া হয়। তিনি আরও জানান, ফিশিং বোট থেকে উদ্ধার ১৭৫ বস্তা সারের নিলাম কার্যক্রম কোস্ট গার্ডের তত্ত্বাবধানে তাৎক্ষণিকভাবে সম্পন্ন করে বাকি সার মিরসরাই উপজেলা প্রশাসনের মাধ্যমে সরকারি মূল্যে নিলামে বিক্রি করা হয়েছে।
পূর্বকোণ/রানা/পারভেজ


















