চট্টগ্রামের সাতকানিয়া ও পটিয়ায় পৃথক অভিযান চালিয়ে প্রায় ১ কোটি ৩০ হাজার টাকা মূল্যের ৩৩ হাজার ৪২৮ পিস ইয়াবা উদ্ধার করেছে এসআরবি-৭। এসময় তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বিকাল ৩টা ১০ মিনিটে সাতকানিয়া থানার ছদাহা এলাকায় একটি নম্বরবিহীন সিএনজি অটোরিকশা থামিয়ে চালককে গ্রেপ্তার করা হয়। আকিব লোহাগাড়া থানার চুনতি নয়াপাড়া এলাকার মৃত নজির আহমদের ছেলে। এরপর ওই অটোরিকশায় তল্লাশি চালিয়ে সিটের পেছনে লুকানো স্কচটেপে মোড়ানো ব্যাগ থেকে ৩১ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। যার বাজারমূল্য আনুমানিক ৯৩ লাখ টাকা। একই সাথে ইয়াবা বহনে ব্যবহৃত সিএনজিটি জব্দ করা হয়েছে।
অপরদিকে দুপুর ২টা ২০ মিনিটে পটিয়া থানাধীন পটিয়া থানার কমল মুন্সীর হাট এলাকায় কক্সবাজার থেকে চট্টগ্রামগামী তিশা প্লাটিনাম পরিবহনের একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে তাদের শরীরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ২৪২৮ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য ৭ লাখ ৩০ হাজার টাকা।
আটকৃতরা হলেন—লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ থানার কুসাখালী এলাকার বাসিন্দা মো. জসিম উদ্দিন (৫০) ও তার স্ত্রী রিমা বেগম (৩৫)।
এ বিষয়ে এসআরবি-৭ চট্টগ্রামের সহকারী পরিচালক (মিডিয়া) এ আর এ মোজাফফর হোসেন বলেন, উদ্ধার ইয়াবাসহ গ্রেপ্তারদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
পূর্বকোণ/পিআর


















