চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

সর্বশেষ:

উখিয়ায় বিজিবি’র পৃথক অভিযানে আসামীবিহীন ১ লাখ ইয়াবা উদ্ধার

উখিয়ায় বিজিবির অভিযানে একলাখ ইয়াবা উদ্ধার

উখিয়া সংবাদদাতা

২৪ সেপ্টেম্বর, ২০২৬ | ৯:৫৫ অপরাহ্ণ

কক্সবাজারের উখিয়া ৬৪ বিজিবি’র পৃথক অভিযানে ১ লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) পালংখালী ও হ্নীলা বিওপি’র বিশেষ টহল দল উপজেলার আনজুমানপাড়া ফাইসাখাল শফিকের ঘের ও সীমান্তবর্তী আনোয়ার প্রজেক্ট নামক স্থান থেকে আসামীবিহীন এ মাদক উদ্ধার করা হয়।

৬৪ বিজিবি’র অধিনায়ক লেঃ কর্নেল মো. জহিরুল ইসলাম, জানান, বৃহস্পতিবার ভোর সকাল ৫টা ১০ মিনিটের সময় উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) এর অধীনস্থ পালংখালী বিওপি দল বাংলাদেশের অভ্যন্তরে আনজুমানপাড়া ফাইসাখাল শফিকের ঘেরের দক্ষিণ পশ্চিম পাশে বেড়িবাঁধের ওপর দিয়ে মিয়ানমার হতে ১ জন ব্যক্তিকে ব্যাগ হাতে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে দেখতে পায়।

বিজিবি দলটি তাকে চ্যালেঞ্জ করলে মাদককারবারীর হাতে থাকা ব্যাগ ফেলে রেখে নাফ নদীতে ঝাঁপ দেয় পরে সাঁতরিয়ে মিয়ানমারের দিকে পালিয়ে যায়। পরবর্তীতে তল্লাশী চালিয়ে ব্যাগের ভিতর থেকে খাকী রঙ্গের প্যাকেটে মোড়ানো অবস্থায় ৫ কাট ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করে।

তিনি জানান, একই দিন সকাল সাড়ে ১০ টার দিকে বাংলাদেশের অভ্যন্তরে সীমান্তবর্তী আনোয়ার প্রজেক্ট নামক স্থানে নিয়মিত টহল পরিচালনা করাকালীন সময় ১টি ব্যাগের মধ্যে খাকী রঙ্গের প্যাকেটের ভিতর ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

ধারণা করা হচ্ছে,  গত বুধবার রাতে একই স্থান থেকে ৪ জন মাদককারবারীর মধ্যে ৩ জন কারবারির ইয়াবার চালান উদ্ধার করে বিজিবি। অবশিষ্ট ১ জনের ইয়াবার চালান উদ্ধার করা সম্ভব হয়নি, সেই ইয়াবা গুলি দিনের আলোতে খুঁজে পাওয়া যায়।

এদিন নাফ নদীতে কেওড়া বাগানের পাশে একটি পরিত্যক্ত নৌকা দেখতে পেয়ে বিওপি হতে একটি নৌ টহল উক্ত স্থানে গমন করে। হঠাৎ পার্শ্ববর্তী চর কাব্বিক এলাকা হতে গুলির শব্দ শুনতে পেয়ে সন্ত্রাসীদের ফায়ারের জবাবে বিজিবিও পাল্টা ফায়ারের মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে। উক্ত নৌকাটি ও পার্শ্ববর্তী স্থানে দীর্ঘ তল্লাশি করা সত্ত্বেও কোনো অবৈধ সামগ্রী পাওয়া যায়নি।

উখিয়া বিজিবির অধিনায়ক আরও জানান, মাদক সরবরাহকারী এবং কারবারিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে আইন শৃঙ্খলা বাহিনীর সাথে সমন্বয় ও নিজস্ব গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে।

পূর্বকোণ/রাকিব

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট