চট্টগ্রামের সীতাকুণ্ডে মিয়ানমারে পাচারের সময় ৬০০ বস্তা সার জব্দ করেছে বাংলাদেশ কোস্টগার্ড। বুধবার (২৩ সেপ্টেম্বর) দিবাগত রাতে উপজেলার বাঁশবাড়িয়া সাগর উপকূলবর্তী এলাকা থেকে এই সার জব্দ করা হয়।
কোস্টগার্ড সূত্রে জানা গেছে, গত দুই মাসে মিয়ানমারে পাচারকালে সীতাকুণ্ডে এটি সারের চতুর্থ চালান আটকের ঘটনা।
কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে বিপুল পরিমাণ সার সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া সাগর উপকূলে জমা করা হয়েছে এমন গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাত সাড়ে ১২টার দিকে কোস্টগার্ড ভাটিয়ারী স্টেশনের একটি দল সেখানে অভিযান চালায়। অভিযানে ৬০০ বস্তা সার জব্দ করা হয়। এ সময় সার পরিবহনে ব্যবহৃত একটি গাড়ি এবং পাচারের সাথে জড়িত দুই ব্যক্তিকে আটক করা হয়। জব্দকৃত সারের আনুমানিক বাজারমূল্য ২১ লাখ টাকা।
এর আগে বিভিন্ন সময়ে মিয়ানমারে পাচারকালে আরও তিনটি বড় চালানের সার জব্দ করেছিল কোস্টগার্ড। সর্বশেষ গত ১০ সেপ্টেম্বর ৭০০ বস্তা সার আটক করা হয়েছিল। দেশের সীমান্ত ও উপকূলীয় অঞ্চলে চোরাচালান রোধে কোস্টগার্ডের এমন অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।
পূর্বকোণ/রানা/এএইচ


















