চট্টগ্রামের রাউজানে উপজেলার উরকিরচর ইউনিয়নের মিয়ারঘাটা এলাকায় আগুনে পুড়ে গেছে চারটি দোকান। বুধবার (২৪ সেপ্টেম্বর) দিবাগত রাত ১টা ২০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।
পুড়ে যাওয়া দোকানগুলোর মধ্যে রয়েছে- ইসমাইল আজিজের মুদিদোকান, মাহবুব আলমের মুদিদোকান, রতনের স্টেশনারি দোকান এবং আবদুল বাসেকের টিভি-ফ্রিজ মেরামতের দোকান। আগুনে দোকানগুলোর নগদ টাকা, স্টেশনারি সামগ্রী, আসবাবপত্রসহ বিভিন্ন মালামাল পুড়ে যায়। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দাবি, আগুনে তাদের প্রায় ২৫ থেকে ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে।
স্থানীয় বাসিন্দা ও কালুরঘাট ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশন সূত্রে জানা গেছে, হারুন স্টোরের বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। পরে দ্রুত আশপাশের দোকানগুলোতে আগুন ছড়িয়ে পড়ে।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী মুহাম্মদ ইসমাইল আজিজ বলেন, ‘রাত ১১টার দিকে তিনি দোকান বন্ধ করে বাড়ি চলে যান। পরে আগুন লাগার খবর পেয়ে দোকানে এসে দেখেন, এরই মধ্যে অধিকাংশ মালামাল পুড়ে গেছে। এতে প্রায় ১০ থেকে ১২ লাখ টাকার ক্ষতি হয়েছে।’
ব্যবসায়ী মাহবুব আলমের দাবি, তার দোকানে প্রায় ৬ থেকে ৮ লাখ টাকার মালামাল পুড়ে গেছে। রতনের দোকানে ৪ থেকে ৫ লাখ টাকা এবং আবদুল বাসেকের দোকানে ৪ থেকে ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে তাঁরা জানিয়েছেন।
কালুরঘাট ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশনের কর্মকর্তা আমিনুল ইসলাম বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে তদন্ত ছাড়া ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ বলা সম্ভব নয়।
পূর্বকোণ/নুসরাত

















