চট্টগ্রাম বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

সর্বশেষ:

মিরসরাইয়ে গতিরোধ করে ৪ ট্রাক মুরগির বিষ্ঠা লুট, গ্রেপ্তার ২

লুট হওয়া ৬৭ হাজার ২০০ কেজি জৈব সার উদ্ধার

মিরসরাইয়ে গতিরোধ করে ৪ ট্রাক মুরগির বিষ্ঠা লুট, গ্রেপ্তার ২

মিরসরাই সংবাদদাতা

২৩ সেপ্টেম্বর, ২০২৬ | ১০:০৮ অপরাহ্ণ

চট্টগ্রামের মিরসরাইয়ে চারটি পণ্যবাহী ট্রাকের গতিরোধ করে চালকদের ভয় দেখিয়ে ৬৭ হাজার ২০০ কেজি জৈব সার (মুরগির বিষ্ঠা) লুটের অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। লুট হওয়া জৈব সারের আনুমানিক মূল্য ২ লাখ ৫২ হাজার টাকা।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের মধ্যম সোনাপাহাড় এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন উপজেলার করেরহাট ইউনিয়নের বাসিন্দা মজল হক (৩০) ও মো. শাকিল (২৪)।

জোরারগঞ্জ থানা পুলিশ সূত্রে জানা গেছে, গত ২১ সেপ্টেম্বর রাত সাড়ে ১১টার দিকে করেরহাট ইউনিয়নের হাবিলদারবাসা এলাকায় চারটি ট্রাকের গতিরোধ করে চালকদের নামিয়ে দেওয়া হয়। এ সময় ভয়ভীতি দেখিয়ে তাঁদের মুঠোফোন কেড়ে নিয়ে চারটি ট্রাক নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার অভিযোগ ওঠে। পরে ট্রাকগুলো মধ্যম সোনাপাহাড় এলাকার আরাফাত হোটেলের পাশে নিয়ে গিয়ে চার ট্রাকে থাকা ১ হাজার ৬৮০ বস্তা মুরগির বিষ্ঠা নামিয়ে নেওয়া হয়।

অভিযোগকারী ব্যবসায়ী রিপন হোসেন জানান, মিরসরাইয়ের করেরহাট ইউনিয়নের দক্ষিণ অলিনগর এলাকার নাহার এগ্রো ফিড লিমিটেডের প্রকাশ্য নিলামে অংশ নিয়ে সর্বোচ্চ দরদাতা হিসেবে এসব মুরগির বিষ্ঠা কিনেছিলেন। চুক্তি অনুযায়ী ২০ থেকে ৩০ সেপ্টেম্বরের মধ্যে কোম্পানির শেড থেকে মালামাল সরিয়ে নেওয়ার কথা ছিল। এর অংশ হিসেবে ২১ সেপ্টেম্বর চারটি ট্রাকে করে জৈব সারগুলো ঠাকুরগাঁওয়ে নেওয়া হচ্ছিল। পথে ট্রাকগুলো হাবিলদারবাসা এলাকায় পৌঁছালে সেগুলোর গতিরোধ করে চালকদের নামিয়ে দেয়। পরে চালকদের কাছ থেকে মোবাইল ফোন নিয়ে ট্রাকগুলো মধ্যম সোনাপাহাড় এলাকায় নিয়ে গিয়ে শ্রমিকদের মাধ্যমে জৈব সার নামিয়ে নেওয়া হয়। পরে চালকদের মোটরসাইকেলে করে সেখানে নিয়ে গিয়ে মোবাইল ফোন ফেরত দিয়ে ট্রাকগুলো ছেড়ে দেওয়া হয়।

এ ঘটনায় রিপন হোসেন চারজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ১৫ থেকে ২০ জনকে আসামি করে ২২ সেপ্টেম্বর জোরারগঞ্জ থানায় মামলা দায়ের করে। এজাহারে নাম উল্লেখ করা ব্যক্তিরা হলেন নোয়াখালীর সুধারাম থানার জালিয়াল এলাকার আবির (২৮) ও কবির (৫০), মিরসরাইয়ের করেরহাট ইউনিয়নের জয়পুর পূর্ব জোয়ার এলাকার বাসিন্দা শাখাওয়াত হোসেন প্রকাশ সাখা এবং নাজিম উদ্দিন রানা (৩৪)।
এ বিষয়ে শাখাওয়াত হোসেন বলেন, মুরগির বিষ্ঠা লুটের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। আল্লাহ আমাকে অনেক দিয়েছে, আমি কেন এসব ছোট বিষয়ে নজর দেব?

জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল হালিম বলেন, মধ্যম সোনাপাহাড় এলাকার আরাফাত হোটেলের পাশে অভিযান চালিয়ে মজল হক ও মো. শাকিলকে গ্রেপ্তার করা হয়। এ সময় ৬৭ হাজার ২০০ কেজি মুরগির বিষ্ঠা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে। দুই জনকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে। ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত আছে।

পূর্বকোণ/আদর/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট