চট্টগ্রামের পটিয়ায় কার্যক্রম নিষিদ্ধ হাইদগাঁও ইউনিয়ন যুবলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. সাইফুদ্দিন ওরফে মো. সাইফুল ইসলাম ওরফে ‘বালু সাইফুল’ (৩৯) গ্রেপ্তার হয়েছেন।
বুধবার (২৩ সেপ্টেম্বর) ভোর রাত পৌনে ৪টার দিকে হাইদগাঁও ইউনিয়নের পূর্ব হাইদগাঁও এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার সাইফুল পটিয়া উপজেলার হাইদগাঁও ইউনিয়নের পূর্ব হাইদগাঁও এলাকার মৃত নুরুচ্ছফা মেম্বারের ছেলে।
পুলিশ জানায়, সাইফুদ্দিনের বিরুদ্ধে পটিয়া থানায় অপহরণ, চাঁদাবাজি, মারামারি, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ডিজিটাল নিরাপত্তা আইনসহ বিভিন্ন অভিযোগে মোট ১৩টি মামলা রয়েছে। এরমধ্যে ২০২৪ সালের ২৭ আগস্ট পটিয়া থানায় দায়ের হওয়া হত্যাচেষ্টা ও বিস্ফোরক আইনের মামলা, একই বছরের ২০ আগস্ট দায়ের হওয়া আরেক মামলায় দণ্ডবিধির বিভিন্ন ধারার পাশাপাশি বিস্ফোরক দ্রব্য আইনের মামলার আসামি তিনি।
এছাড়া ২০২৪ সালের ১ নভেম্বর দায়ের হওয়া মামলায় হত্যাচেষ্টা, মারধর, চুরি, ভয়ভীতি প্রদর্শন এবং বিস্ফোরক দ্রব্য আইনের বিভিন্ন ধারায় তাকে এজাহারভুক্ত আসামি করা হয়েছে।
পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক জানান, বুধবার তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
পূর্বকোণ/পিআর

















