কক্সবাজারের পেকুয়া ও কুতুবদিয়ায় ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ এবং স্লুইস গেট দ্রুত সংস্কার ও পুনর্নির্মাণের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী মো. ফরহাদ হোসেন।
বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে পেকুয়া সদর ইউনিয়নের মেহেরনামা বেড়িবাঁধ পরিদর্শনের এ কথা বলেন তিনি। পরে সকাল ১০টার দিকে কুতুবদিয়া দ্বীপের বিভিন্ন এলাকার বেড়িবাঁধ পরিদর্শন করেন প্রতিমন্ত্রী।
পেকুয়ার মগনামা ইউনিয়নের শরৎঘোনা ও সোনালী বাজার এলাকায় দুপুর ১২টার দিকে স্লুইস গেট পরিদর্শন করেন তিনি। এ সময় মগনামা ইউনিয়ন যুবদলের আহ্বায়ক ও ঘাটের ইজারাদার নুরুল ইসলাম মন্ত্রীকে মগনামার বিভিন্ন বেড়িবাঁধ ও স্লুইস গেটের বর্তমান অবস্থা সম্পর্কে অবগত করেন।
পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পানিসম্পদ প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর উপকূলীয় এলাকার বেড়িবাঁধ ও স্লুইস গেট সংস্কার ও পুনর্নির্মাণে উদ্যোগ নিয়েছে। দীর্ঘদিনের অব্যবস্থাপনার কারণে পেকুয়া-কুতুবদিয়ার উপকূলীয় মানুষের জীবন-জীবিকা ঝুঁকির মধ্যে পড়েছে এবং বিভিন্ন সময়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
তিনি বলেন, বেড়িবাঁধ ও স্লুইস গেট সংস্কার এবং পুনর্নির্মাণের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমদ নিয়মিত তাগাদা দিচ্ছেন। এরই মধ্যে পানি সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী মহোদয় এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা কক্সবাজার ও টেকনাফের বিভিন্ন এলাকা পরিদর্শন করেছেন। ফলে পেকুয়া ও কুতুবদিয়ার সমস্যাগুলো সরেজমিনে দেখতে তিনি এসেছেন।
ফরহাদ হোসেন বলেন, যেখানে সংস্কার প্রয়োজন, সেখানে সংস্কার করা হবে। আর যেখানে পুনর্নির্মাণ প্রয়োজন, সেখানে পুনর্নির্মাণ করা হবে। আশা করছি, দ্রুত এসব কাজ শুরু করা সম্ভব হবে।
তিনি আরও বলেন, উপকূলীয় এলাকার মানুষের জীবন জীবিকা রক্ষায় টেকসই বেড়িবাঁধ ও কার্যকর স্লুইস গেট গুরুত্বপূর্ণ। এসব অবকাঠামো ঠিক থাকলে উপকূলের মানুষ নির্বিঘ্নে লবণ ও মৎস্য চাষসহ বিভিন্ন অর্থনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে পারবেন।
প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার গ্রামীণ মানুষের জীবনযাত্রা স্বাভাবিক ও নিরাপদ রাখতে কাজ করছে। উপকূলীয় মানুষের স্বার্থে বেড়িবাঁধ ও স্লুইস গেট নির্মাণ ও সংস্কারের কার্যক্রমকে গুরুত্ব দেওয়া হচ্ছে।
পরিদর্শনকালে পানিসম্পদ মন্ত্রণালয়ের সচিব, পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা, মহেশখালী-কুতুবদিয়া আসনের সংসদ সদস্য আলমগীর মুহাম্মদ মাহাফুজ্জুল্লাহ ফরিদ, জেলা পরিষদের প্রশাসক এটিএম নুরুল বশর চৌধুরী, পেকুয়া ও কুতুবদিয়া উপজেলা প্রশাসনের কর্মকর্তাসহ বিএনপির স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।
পূর্বকোণ/ইবনুর

















