চট্টগ্রামের হাটহাজারী থানা এলাকায় মো. বেলাল হোসেন জাবেদ হত্যা মামলার আসামি মো. শহীদুল্লাহকে (৫০) গ্রেপ্তার করেছে এসআরবি-৭। গ্রেপ্তার শহীদুল্লাহ একই থানার খন্দকিয়া এলাকার মৃত আব্দুল হকের ছেলে।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেল সোয়া তিনটার দিকে হাটহাজারী থানার চারিয়া নয়াহাট বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন এসআরবি-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) এ. আর. এম. মোজাফ্ফর হোসেন। তিনি জানান, হাটহাজারী থানার বেলাল হোসেন জাবেদ হত্যা মামলার এজাহারনামীয় ২ নম্বর আসামি মো.শহীদুল্লাহ হাটহাজারী থানা এলাকায় অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে গতকাল বিকেল সোয়া তিনটার দিকে হাটহাজারী থানার চারিয়া নয়াহাট বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর শহীদুল্লাহকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য হাটহাজারী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
পূর্বকোণ/পিআর

















