চট্টগ্রাম বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

সর্বশেষ:

কক্সবাজারে বন্ধুকে ছুরিকাঘাতে হত্যা, অভিযুক্ত সিহাব গ্রেপ্তার

কক্সবাজারে বন্ধুকে ছুরিকাঘাতে হত্যা, অভিযুক্ত সিহাব গ্রেপ্তার

কক্সবাজার সংবাদদাতা

২৩ সেপ্টেম্বর, ২০২৬ | ১:১২ অপরাহ্ণ

কক্সবাজার শহরের জাদীপাহাড় এলাকায় পাওনা টাকা ও মোটরসাইকেল সংক্রান্ত বিরোধের জেরে সাইফুল ইসলাম (২৯) নামের এক যুবককে প্রকাশ্যে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় জড়িত এক আসামিকে গ্রেপ্তার করেছে এসআরবি-১৫।
 
 
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যায় কক্সবাজার সদর থানার খুরুশকুল স্টিল ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
 
 
গ্রেপ্তার সাদমান সিহাব (৩০) কক্সবাজার পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের পূর্ব টেকপাড়া এলাকার মঞ্জুর আলমের ছেলে। তিনি এ হত্যা মামলার এজাহারনামীয় ৩ নম্বর আসামি।
 
 
মামলার এজাহার ও এসআরবি সূত্রে জানা যায়, গত ২০ সেপ্টেম্বর সকাল ১০টার দিকে পাওনা টাকা মেটানোর কথা বলে সাইফুল ইসলামকে শহরের জাদীপাহাড় এলাকায় ডেকে নিয়ে যায় তারই কয়েকজন পূর্বপরিচিত বন্ধু। পরবর্তীতে দুপুর আড়াইটার দিকে কথা-কাটাকাটির একপর্যায়ে সাইফুলকে ধারালো অস্ত্র দিয়ে ছুরিকাঘাত করে রক্তাক্ত অবস্থায় ফেলে রেখে পালিয়ে যায় হামলাকারীরা। পরে স্বজন ও স্থানীয়রা উদ্ধার করে তাকে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ঘটনার পর নিহত সাইফুলের পরিবার কক্সবাজার সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। 
 
 
এসআরবি-১৫-এর সহকারী পুলিশ সুপার (মিডিয়া) আ. ম. ফারুক জানান, গতকাল সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে খুরুশকুল এলাকা থেকে এ মামলার আসামি সাদমান সিহাবকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার সিহাব ঘটনার সঙ্গে সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন। তার বিরুদ্ধে হত্যা মামলা ছাড়াও পূর্বে দায়ের হওয়া একাধিক মাদক ও ফৌজদারি মামলা রয়েছে। আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য তাকে কক্সবাজার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
 
পূর্বকোণ/পিআর 

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট