মিয়ানমারের রাখাইন রাজ্যে চলমান সংঘাতের মধ্যে সীমান্ত পাড়ি দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের সময় টেকনাফ উপজেলার বাহারছড়া উপকূলে একটি রোহিঙ্গাবাহী নৌকাডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় এক নারী ও এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এছাড়া কোস্টগার্ডের সহায়তায় ১৬ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।
সোমবার (২১ সেপ্টেম্বর) দিবাগত রাত ২টার দিকে টেকনাফের বাহারছড়া ইউনিয়নের কচ্ছপিয়া করাচিপাড়া সমুদ্র সৈকত এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় এখনও এক নারী নিখোঁজ রয়েছেন।
মঙ্গলবার রাত ৭টায় টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
জীবিত উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে দুজন বাংলাদেশি নাগরিক বলে জানা গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মিয়ানমারের আরাকান আর্মির সংঘাতের জেরে প্রাণ বাঁচাতে রোহিঙ্গারা একটি ট্রলারে করে সাগরপথে বাংলাদেশে আসছিল। ট্রলারটি বাহারছড়া কচ্ছপিয়া করাচিপাড়া উপকূলের কাছাকাছি পৌঁছালে তীব্র ঢেউয়ের কবলে পড়ে ডুবে যায়।
ঘটনার বিবরণ দিয়ে বাহারছড়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ আবু সাঈদ জানান, খবর পেয়ে রাতে কচ্ছপিয়া করাচিপাড়া সমুদ্র সৈকত থেকে একটি শিশু ও একজন নারীর মরদেহ উদ্ধার করা হয়। দেখে মনে হচ্ছে, তীর ঘেঁষে আসার পথেই নৌকাটি ডুবে যায়।
উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে উখিয়ার বাসিন্দা মো. কোরবান আলী বলেন, আমি এবং বৌদ্ধ ধর্মের আরেক যুবক মিয়ানমারে এক বছর কারাভোগ শেষে দেশে ফেরার কোনো উপায় না পেয়ে বাধ্য হয়ে রোহিঙ্গাদের ট্রলারে উঠি। আমাদের ট্রলারে মোট ১৯ জন যাত্রী ছিলেন। উপকূলের কাছাকাছি আসার পর নৌকাটি ডুবে যায়। এতে এক নারী ও এক শিশু মারা গেছেন এবং একজন নারী এখনো নিখোঁজ রয়েছেন। বাকিদের কোস্টগার্ড জীবিত উদ্ধার করে।
বাহারছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমজাদ হোসেন খোকন জানান, রাতে একটি রোহিঙ্গাবোঝাই ট্রলার উপকূলে এসে ডুবে যাওয়ার খবর পাওয়ার পর স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে বিষয়টি জানানো হয়।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, কোস্টগার্ড ১৬ জনকে জীবিত উদ্ধার করে থানায় হস্তান্তর করেছে। এছাড়া ডুবে যাওয়া ট্রলার থেকে দুজনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। জীবিত উদ্ধার হওয়া ব্যক্তিদের পরিচয় যাচাই-বাছাই সাপেক্ষে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
পূর্বকোণ/রানা/পারভেজ
















