চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় সড়কে শৃঙ্খলা ফিরাতে যানবাহনের বৈধ কাগজপত্র, ফিটনেস সনদ এবং চালকদের ড্রাইভিং লাইসেন্স যাচাইয়ে বিশেষ অভিযান পরিচালনা করেছে ট্রাফিক পুলিশ। অভিযানে বিভিন্ন অনিয়ম ও ট্রাফিক আইন লঙ্ঘনের দায়ে ৮টি গাড়ির বিরুদ্ধে মামলা এবং প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় আরও ৭টি গাড়ি আটক করা হয়েছে।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার ব্যস্ততম চাতুরী চৌমুহনী এলাকায় এই অভিযান পরিচালিত হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, অভিযানে বিভিন্ন যাত্রীবাহী ও দূরপাল্লার যানবাহন থামিয়ে গাড়ির রেজিস্ট্রেশন, ফিটনেস সনদ, রুট পারমিট এবং চালকদের ড্রাইভিং লাইসেন্সসহ প্রয়োজনীয় নথিপত্র যাচাই করা হয়। বিশেষ এই অভিযানে নেতৃত্ব দেন আনোয়ারা ট্রাফিক পুলিশের ইনচার্জ মো. আশিকুল ইসলাম।
অভিযান শেষে ট্রাফিক ইনচার্জ আশিকুল ইসলাম জানান, সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং দুর্ঘটনা রোধে নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবেই এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে। তিনি আরও বলেন, ‘যেকোনো যানবাহনের বৈধ কাগজপত্র ও চালকের লাইসেন্স থাকা বাধ্যতামূলক। নথিপত্রে ত্রুটি থাকলে কিংবা ট্রাফিক আইন অমান্য করা হলে বিন্দুমাত্র ছাড় দেওয়া হচ্ছে না।’
তিনি জানান, অভিযানে বিভিন্ন অনিয়মের অভিযোগে ৮টি মামলার পাশাপাশি উপযুক্ত কাগজপত্র না থাকায় আরও ৭টি গাড়ি জব্দ করে ট্রাফিক পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। জনস্বার্থে সড়কে নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
এ সময় গাড়িচালক ও মালিকদের উদ্দেশ্যে ট্রাফিক আইন যথাযথভাবে মেনে চলার পাশাপাশি গাড়ির প্রয়োজনীয় কাগজপত্র সমসময় হালনাগাদ রাখার আহ্বান জানান এই কর্মকর্তা।
পূর্বকোণ/রানা/পারভেজ
















