চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার দক্ষিণ রাজানগরে বজ্রপাতের অগ্নিকাণ্ডে একটি বসতঘর সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে। এতে ঘরটির আসবাবপত্র ও গৃহস্থালি সামগ্রী পুড়ে প্রায় ৮ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে দাবি করেছে ক্ষতিগ্রস্থরা। তবে ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ নিরূপণ ও ঘটনার বিস্তারিত জানতে তদন্ত চলছে বলে জানিয়েছেন রাঙ্গুনিয়া ফায়ার সার্ভিসের স্টেশন লিডার মোহাম্মদ জাহেদুর রহমান।
সোমবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টায় উপজেলার দক্ষিণ রাজানগর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের পূর্ব রাজানগর প্রাইমারি স্কুলের পশ্চিম পাশে এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় হঠাৎ ঝড়ো হাওয়া, বৃষ্টি ও তীব্র বজ্রপাত শুরু হয়। ওই এলাকার বাসিন্দা জান্নাতুল ফেরদৌসের বসতঘরটিতে এ সময় কেউ ছিলেন না।
স্থানীয় বাসিন্দা মো. মিজান জানান, বজ্রপাতে গ্যাস সিলিন্ডার ও চুলার সংস্পর্শে মুহূর্তেই আগুন ধরে যায়। টিন ও বাঁশের বেড়ার তৈরি ঘরটিতে আগুন লাগার পর তা দ্রুত চারদিকে ছড়িয়ে পড়ে।
স্থানীয়রা তাৎক্ষণিকভাবে এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালালেও শেষ পর্যন্ত ঘরটি রক্ষা করা সম্ভব হয়নি। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডে প্রায় ৮ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে রাঙ্গুনিয়া ফায়ার সার্ভিসের স্টেশন লিডার মোহাম্মদ জাহেদুর রহমান জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই তাদের একটি দল ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রাথমিকভাবে বজ্রপাত থেকেই আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রতীয়মান হচ্ছে। ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ নিরূপণ ও ঘটনার বিস্তারিত জানতে তদন্ত চলছে।
পূর্বকোণ/রানা
















