চট্টগ্রাম সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬

সর্বশেষ:

রাঙ্গুনিয়ায় মাদক বিরোধী অভিযানে পুলিশের ওপর হামলা

রাঙ্গুনিয়ায় মাদক বিরোধী অভিযানে পুলিশের ওপর হামলা

রাঙ্গুনিয়া সংবাদদাতা

২১ সেপ্টেম্বর, ২০২৬ | ৮:১৯ অপরাহ্ণ

চট্টগ্রামের রাঙ্গুনিয়ার মরিয়মনগরে মাদকবিরোধী অভিযানে চার পুলিশ সদস্যের উপরে হামলার ঘটনা ঘটেছে। এতে রাঙ্গুনিয়া মডেল থানার উপপরিদর্শক মো. আবু নাসের এবং তিন পুলিশ সদস্য আহত হন।

রবিবার (২০ সেপ্টেম্বর) রাতে উপজেলার মরিয়মনগর ইউনিয়নের চৌমুহনী চৌরাস্তা এলাকায় এই ঘটনা ঘটে।

ঘটনার পর পুলিশের সরকারি কাজে বাধা ও হামলার অভিযোগে রাঙ্গুনিয়া থানার উপপরিদর্শক মোক্তার হোসেন বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। ওই মামলায় মো. তানসেন নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, মাদক কেনাবেচার গোপন সংবাদ পেয়ে মরিয়মনগর চৌমুহনী এলাকায় অভিযান চালায় পুলিশের একটি দল। এ সময় হঠাৎ তাদের ওপর হামলা চালানো হয়। এতে উপপরিদর্শক মো. আবু নাসেরের হাঁটুতে আঘাত লাগে। এই সময় বাকি তিন পুলিশ সদস্য আহত হন।

পরবর্তীতে আহতদের রাঙ্গুনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য উপপরিদর্শক মো. আবু নাসেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের ভর্তি করা হয়।

আহত উপপরিদর্শক মো. আবু নাসের বলেন, মাদকের বিশেষ অভিযানে গেলে তারা আমাদের ওপর অতর্কিত হামলা চালায়। এতে আমার ডান পায়ে গুরুতর আঘাত লেগেছে এবং তিন সহযোগীসহ আহত হয়ে বর্তমানে চমেক হাসপাতালে চিকিৎসাধীন আছি।

এ বিষয়ে রাঙ্গুনিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহির উদ্দিন জানান, মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলার ঘটনায় থানায় মামলা হয়েছে। ইতিমধ্যে একজনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

পূর্বকোণ/রানা/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট