চট্টগ্রাম ৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ বলেছেন, ‘মাছে-ভাতে বাঙালির ঐতিহ্য যেন হারিয়ে না যায়। অনেক প্রজাতির দেশীয় মাছ ইতোমধ্যে বিলুপ্ত হয়ে গেছে। বিলুপ্ত মাছগুলো কিভাবে আবার ফিরিয়ে আনা যায়, রক্ষা করা যায়, সে উদ্যোগ নিতে হবে।’
সোমবার (২১ সেপ্টেম্বর) বোয়ালখালী উপজেলায় পোনামাছ অবমুক্ত ও বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এমপি বলেন, আমিষের চাহিদা পূরণে মাছ খুবই প্রয়োজনীয়। এই মৎস্য সম্পদ রক্ষায় সরকার নানান পদক্ষেপ নিয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রুমন তালুকদার, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন, উপজেলা প্রকৌশলী মো. কামরুজ্জামান, জেলা বিএনপির সদস্য শওকত আলম, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ইসহাক চৌধুরী, সাবেক সদস্য সচিব হামিদুল হক মন্নান চেয়ারম্যান ও জেলা যুবদলের সাধারণ সম্পাদক মো. আজগর। সঞ্চালনায় ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা নাঈম হাসান।
এইদিন উপজেলার ২টি খাল ও ২৫টি প্রাতিষ্ঠানিক পুকুরে ২৩৯ কেজি পোনামাছ অবমুক্ত ও বিতরণ করা হয়।
পূর্বকোণ/রাকিব/পারভেজ
















