ঢাকায় চাকরিচ্যুত ব্যাংকারদের ওপর পুলিশি হামলার প্রতিবাদে পটিয়ায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন চাকরিচ্যুত ব্যাংকার ও স্থানীয় জনতা।
সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে পৌরসভার ১ নম্বর ওয়ার্ড কাগজীপাড়া মডেল মসজিদের সামনে মহাসড়কে এ অবরোধ কর্মসূচি শুরু হয়। প্রায় এক ঘণ্টা পর পুলিশের হস্তক্ষেপে যানবাহন চলাচল স্বাভাবিক হয়। অবরোধের কারণে মহাসড়কের উভয় পাশে কয়েক শতাধিক যানবাহন আটকা পড়ে, ফলে চরম দুর্ভোগে পড়েন যাত্রী ও পরিবহন সংশ্লিষ্টরা।
আন্দোলনকারীদের অভিযোগ, ঢাকায় চাকরিচ্যুত ব্যাংকারদের শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশের লাঠিচার্জের প্রতিবাদেই তারা পটিয়ায় এই কর্মসূচি পালন করছিলেন। এ সময় পুলিশ অবরোধ তুলে নেওয়ার চেষ্টা করলে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়।
আন্দোলনকারীরা জানান, চাকরি পুনর্বহালের দাবিতে গত এক সপ্তাহ ধরে ঢাকায় ইসলামী ব্যাংক ও বাংলাদেশ ব্যাংকের সামনে আন্দোলন করে আসছেন তারা। সোমবার সচিবালয়ের দিকে যাওয়ার সময় পুলিশ তাদের ওপর লাঠিচার্জ করে। এর প্রতিবাদেই পটিয়ায় মহাসড়ক অবরোধ করা হয়। একপর্যায়ে পুলিশ ব্যারিকেড সরিয়ে নেওয়ার চেষ্টা করলে আন্দোলনকারীরা বাধা দেন এবং দুপুর আড়াইটার দিকে পুলিশ তাদের ওপরও লাঠিচার্জ করে বলে অভিযোগ করেন তারা।
তবে পুলিশের লাঠিচার্জের অভিযোগ অস্বীকার করেছেন পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক**। তিনি বলেন, আমরা তাদের বুঝিয়ে সোয়া ২টার দিকে ব্যারিকেড সরিয়ে দিই। তাদের ওপর কোনো ধরনের লাঠিচার্জ করা হয়নি।
শেষ পর্যন্ত পুলিশি হস্তক্ষেপে দুপুর পৌনে ৩টার দিকে মহাসড়কে যান চলাচল সম্পূর্ণ স্বাভাবিক হয়।
পূর্বকোণ/রানা/পারভেজ

















