কক্সবাজার সরকারি কলেজের ‘দোলনচাঁপা’ ছাত্রীনিবাস থেকে ২০ হাজার পিস ইয়াবাসহ শরিফা (২১) নামের এক নারী শিক্ষার্থীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ রোববার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যা সাতটার দিকে কলেজ প্রশাসনের সহযোগিতায় কক্সবাজার সদর মডেল থানা-পুলিশ এই বিশেষ অভিযান পরিচালনা করে।
গ্রেপ্তার শরিফা কক্সবাজার সরকারি কলেজের গণিত বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী। তিনি সীমান্ত উপজেলা টেকনাফের হ্নীলা ইউনিয়নের বাসিন্দা।
অভিযানের বিষয়টি নিশ্চিত করে কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী জানান, গোপন সংবাদের ভিত্তিতে ইয়াবার একটি বড় চালানের তথ্য পেয়ে পুলিশ কলেজ অধ্যক্ষের সাথে যোগাযোগ করে। পরে কলেজ কর্তৃপক্ষের উপস্থিতিতে ছাত্রীনিবাসের নির্দিষ্ট কক্ষে তল্লাশি চালিয়ে ২০ হাজার পিস ইয়াবাসহ ওই শিক্ষার্থীকে হাতেনাতে আটক করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাতে ওসি বলেন, “গ্রেপ্তার শিক্ষার্থী জানিয়েছেন, টেকনাফের হ্নীলা থেকে তাঁর এক নিকটাত্মীয় (সম্পর্কে আন্টি) পার্সেল বা বিশেষ মাধ্যমে ইয়াবার এই চালানটি পাঠিয়েছিলেন। এটি সাময়িকভাবে তাঁর হেফাজতে রাখার কথা বলা হয়েছিল।”
পুলিশের এই কর্মকর্তা আরও জানান, এই ঘটনার নেপথ্যে টেকনাফ ও কক্সবাজারকেন্দ্রিক একটি বড় মাদক পাচারকারী সিন্ডিকেট জড়িত রয়েছে। ইয়াবার চালানটির প্রকৃত মালিক এবং এটি কোথায় সরবরাহের কথা ছিল—তা বের করতে তদন্ত চলছে। তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে ওই চক্রের অন্য সদস্যদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
পূর্বকোণ/আরআর
















