চট্টগ্রাম সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬

সর্বশেষ:

চুয়েটে র‍্যাগিংয়ের অভিযোগে ৯ শিক্ষার্থীকে কারণ দর্শানোর নোটিশ

চুয়েটে র‍্যাগিংয়ের অভিযোগে ৯ শিক্ষার্থীকে কারণ দর্শানোর নোটিশ

রাউজান সংবাদদাতা

২০ সেপ্টেম্বর, ২০২৬ | ১০:০৫ অপরাহ্ণ

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) কবি কাজী নজরুল ইসলাম হলে জুনিয়র শিক্ষার্থীদের ওপর র‍্যাগিং ও মানসিক নিপীড়নের অভিযোগে ৯ শিক্ষার্থীকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

রবিবার (২০ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. সাইফুল ইসলাম স্বাক্ষরিত পৃথক নয়টি বিজ্ঞপ্তিতে এ নির্দেশ দেওয়া হয়।

শোকজ পাওয়া সবাই ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তাঁদের মধ্যে আটজন তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগের এবং একজন কম্পিউটার বিজ্ঞান ও কৌশল বিভাগের শিক্ষার্থী।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ১২ সেপ্টেম্বর রাত আনুমানিক ১১টার দিকে কবি কাজী নজরুল ইসলাম হলের ডি-২০০ নম্বর কক্ষে প্রায় ১৫ থেকে ২০ জন জুনিয়র শিক্ষার্থীকে প্রায় দুই ঘণ্টা ধরে বিভিন্নভাবে অপমান, হেয় প্রতিপন্ন ও অশালীন ভাষায় গালিগালাজ করা হয়। এর আগে গত ২ সেপ্টেম্বরও একই ধরনের র‍্যাগিংয়ের ঘটনা ঘটেছিল বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। প্রাথমিক অনুসন্ধানে এসব ঘটনায় শোকজপ্রাপ্ত শিক্ষার্থীদের সরাসরি সম্পৃক্ততার প্রমাণ মিলেছে।

বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা বিধি অনুযায়ী এ ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড শাস্তিযোগ্য অপরাধ। অভিযুক্ত শিক্ষার্থীদের বিরুদ্ধে কেন স্থায়ী বা উপযুক্ত শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না, তার সন্তোষজনক লিখিত জবাব চাওয়া হয়েছে। আগামী ২৪ সেপ্টেম্বর সকাল ১১টার মধ্যে ছাত্রকল্যাণ অধিদপ্তরে সশরীরে উপস্থিত হয়ে তাঁদের এই জবাব জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

এ বিষয়ে ছাত্রকল্যাণ অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. সাইফুল ইসলাম বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন র‍্যাগিং ও মাদকের বিরুদ্ধে সর্বদা জিরো টলারেন্স নীতি অনুসরণ করে আসছে। আনীত অভিযোগের সত্যতা প্রমাণিত হলে বিশ্ববিদ্যালয়ের প্রচলিত আইন ও শৃঙ্খলা বিধি অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

পূর্বকোণ/রানা/পারভেজ

 

 

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট