খাগড়াছড়ির রামগড়ে বিষপানে জোসনা আক্তার (৩৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। রবিবার (২০ সেপ্টেম্বর) দুপুরে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
নিহত জোসনা আক্তার খাগড়াছড়ি জেলার দীঘিনালা উপজেলার বোয়ালখালী ইউনিয়নের ইসমাইল কলোনি এলাকার আমির হোসেনের মেয়ে। ৭ বছর আগে রামগড়ের বাসিন্দা জাফর আহাম্মদের সাথে তাঁর বিয়ে হয়।
জানা যায়, গত মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে রামগড়ের নাকাপার ভাড়াবাসায় স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক কলহের জেরে ঝগড়া হয়। একপর্যায়ে সবার অগোচরে ঘরে রাখা ঘাসমারা কীটনাশক পান করে চিৎকার করতে থাকেন জোসনা। শব্দ পেয়ে স্বামী জাফর ছুটে এসে তাঁকে উদ্ধার করে প্রথমে রামগড় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে উন্নত চিকিৎসার জন্য তাঁকে চমেক হাসপাতালে নেওয়া হয়েছিল।
রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজির আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় নিহতের বাবা আমির হোসেন থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করেছেন।
পূর্বকোণ/রানা/পারভেজ
















