চট্টগ্রাম শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬

সর্বশেষ:

রাউজানে ব্যবসা প্রতিষ্ঠান থেকে যুবকের মরদেহ উদ্ধার

রাউজানে ব্যবসা প্রতিষ্ঠান থেকে যুবকের মরদেহ উদ্ধার

রাউজান সংবাদদাতা

১৯ সেপ্টেম্বর, ২০২৬ | ১০:২৯ অপরাহ্ণ

চট্টগ্রামের রাউজানে নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে নিরু বড়ুয়া (৩৮) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার উরকিরচর ইউনিয়নের কেরানীহাট বাজারের একটি ব্যবসা প্রতিষ্ঠান থেকে এই মরদেহ উদ্ধার করা হয়।

নিহত নিরু বড়ুয়া উরকিরচর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের তালুকদার পাড়ার মৃত মন্টু বড়ুয়ার ছেলে এবং দুই সন্তানের জনক।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার বিকেলে নিজ ব্যবসা প্রতিষ্ঠানে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার পথ বেছে নেন নিরু বড়ুয়া। পরে তার স্ত্রী এলভি বড়ুয়া ঝুলন্ত অবস্থা থেকে তার মরদেহ নিচে নামান। এর আগে ওই দিন বেলা সাড়ে ১১টার দিকে নিরুর স্ত্রী ও তার শ্যালক দোকানে এসেছিলেন; তারা চলে যাওয়ার পরই এই ঘটনা ঘটে বলে ধারণা করা হচ্ছে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত নিরু বড়ুয়া বিভিন্ন মানসিক ও পারিবারিক সংকটে দিশেহারা হয়ে পড়েছিলেন। তার মা মঞ্জু বড়ুয়া জানান, তার ছেলে এর আগে কখনো ছিনতাইয়ের শিকার হয়েছিলেন, আবার কখনো দোকানে চুরির ঘটনা ঘটেছিল। এসবের পাশাপাশি তার শারীরিক অসুস্থতাও যোগ হয়েছিল। এমনকি ব্যবসা ছেড়ে দেওয়ারও কথা ছিল। সব মিলিয়ে তিনি তীব্র মানসিক চাপে ছিলেন।

স্থানীয় বাজার কমিটির সভাপতি ও সাবেক ইউপি সদস্য তাপস বড়ুয়া বলেন, কী কারণে তিনি আত্মহত্যা করেছেন, তা আমার জানা নেই।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নোয়াপাড়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই আনিসুর রহমান জানান, খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহ উদ্ধার করা হয়।

এ বিষয়ে রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, “ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পূর্বকোণ/রানা/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট