চট্টগ্রাম শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬

সর্বশেষ:

জামিনে বেরিয়ে ফের অপরাধে ছিনতাইকারীরা, ব্যবস্থার হুঁশিয়ারি এসপির

জামিনে বেরিয়ে ফের অপরাধে ছিনতাইকারীরা, ব্যবস্থার হুঁশিয়ারি এসপির

কক্সবাজার সংবাদদাতা

১৯ সেপ্টেম্বর, ২০২৬ | ৭:৪৬ অপরাহ্ণ

কক্সবাজার জেলায় পেশাদার ছিনতাইকারী ও ডাকাতদের গ্রেপ্তার করে আদালতে পাঠানো হলেও তারা দ্রুত জামিনে বেরিয়ে এসে আবারও একই অপরাধে জড়িয়ে পড়ছে বলে উদ্বেগ প্রকাশ করেছেন জেলা পুলিশ সুপার (এসপি) এস এন সাজেদুর রহমান। পর্যটক ও স্থানীয় বাসিন্দাদের নিরাপত্তা অক্ষুণ্ণ রাখতে চিহ্নিত অপরাধীদের জামিনের বিষয়ে জেলা আইনজীবী সমিতি ও সংশ্লিষ্টদের সহযোগিতা চেয়েছেন তিনি।

শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে ১১.৩০টায় জেলা পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা জানান। সংবাদ সম্মেলনে জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ দমনে পুলিশি পদক্ষেপ এবং সাম্প্রতিক অভিযানসমূহের তথ্য তুলে ধরা হয়।

পুলিশ সুপার এস এন সাজেদুর রহমান বলেন, চিহ্নিত অপরাধী, অপহৃত বা ছিনতাই চক্রকে আইনি সহায়তা দিয়ে দ্রুত জামিনে বের করে আনতে কিছু ব্যক্তি ও আইনজীবী কাজ করছেন বলে গোয়েন্দা তথ্য মিলেছে। অপরাধীদের প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সহায়তাকারীদের কঠোর নজরদারিতে রাখা হয়েছে। প্রমাণ মিললে তাদের বিরুদ্ধেও কঠোর আইনি পদক্ষেপ নেওয়া হবে।

সংবাদ সম্মেলনে মহাসড়কে সক্রিয় আন্তঃজেলা ডাকাত চক্রের বিরুদ্ধে পরিচালিত সফল অভিযানের তথ্য প্রকাশ করা হয়। পুলিশ জানায়, মাইক্রোবাস সহ বিভিন্ন যানবাহনের রং ও নম্বর প্লেট পরিবর্তন করে মহাসড়কে ডাকাতি চালানো একটি বিপজ্জনক চক্রকে শনাক্ত করা হয়েছে। আধুনিক প্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে ৩০টির বেশি মামলার এজাহারভুক্ত শীর্ষ আসামি বাদল ডাকাতসহ চক্রটির মূল সদস্যদের গ্রেপ্তার করেছে পুলিশ।

কক্সবাজারের পর্যটন অঞ্চল ও মহাসড়কের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে জেলা পুলিশ জিরো টলারেন্স নীতিতে কাজ করছে উল্লেখ করে পুলিশ সুপার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সাংবাদিক ও সাধারণ জনগণের সহযোগিতা অব্যাহত রাখার অনুরোধ জানান।

পূর্বকোণ/রানা/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট