কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্টে গোসল করতে নেমে উত্তাল ঢেউয়ের তোড়ে নিখোঁজ হওয়ার আড়াই ঘণ্টা পর মোফাজ্জল ইমাম সীমান্ত নামের এক পর্যটকের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তাঁর আরও দুই বন্ধুকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আজ শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত মোফাজ্জল ইমাম সীমান্ত কিশোরগঞ্জ জেলার বাসিন্দা।
সৈকত কর্মী ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, কিশোরগঞ্জ থেকে আসা ৯ জনের একদল তরুণ বিকেলে সৈকতে বেড়াতে বের হন। সন্ধ্যায় সুগন্ধা পয়েন্টের পানিতে তারা ফুটবল খেলছিলেন। একপর্যায়ে বলটি সমুদ্রের পানিতে ভেসে গেলে সেটি উদ্ধার করতে তিন বন্ধু একটু গভীরে নামেন। এ সময় ভাটার টান ও উত্তাল ঢেউয়ের কবলে পড়ে তিনজনই ভেসে যেতে থাকেন।
তাদের আর্তচিৎকারে সৈকত কর্মী ও ‘সি-সেফ’ লাইফগার্ডের সদস্যরা তাৎক্ষণিক সাগরে নেমে দুই পর্যটককে জীবিত উদ্ধার করতে সক্ষম হলেও সীমান্ত পানির নিচে তলিয়ে নিখোঁজ হন।
পরবর্তীতে ফায়ার সার্ভিস, সি-সেফ লাইফগার্ড ও সৈকত কর্মীদের যৌথ দল উদ্ধার অভিযান চালিয়ে প্রায় আড়াই ঘণ্টা পর রাত সাড়ে ৮টার দিকে সুগন্ধা পয়েন্ট সংলগ্ন ‘গ্রিন নেচার’ এলাকা থেকে সীমান্তের নিথর দেহ উদ্ধার করে।
সৈকত কর্মীদের ইনচার্জ মাহবুবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আহত দুই পর্যটককে উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে এবং বর্তমানে সেখানে তাঁদের চিকিৎসা চলছে।
পূর্বকোণ/পারভেজ
















