চট্টগ্রাম শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬

সর্বশেষ:

কক্সবাজারে পৌর লাইসেন্স সহকারীকে মারধরের অভিযোগ কাউন্সিলরের বিরুদ্ধে

কক্সবাজার সংবাদদাতা

১৮ সেপ্টেম্বর, ২০২৬ | ১০:৩০ অপরাহ্ণ

কক্সবাজার পৌরসভায় ব্যাটারিচালিত ইজিবাইক বা টমটমের লাইসেন্স নবায়ন ও প্রদানকে কেন্দ্র করে এক কর্মচারীকে গালিগালাজ এবং মারধরের অভিযোগ উঠেছে সাবেক কাউন্সিলর ও বিএনপি নেতা আশরাফুল হুদা সিদ্দিকী জামশেদের বিরুদ্ধে।
গত ১৭ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) দুপুরে পৌরসভার লাইসেন্স শাখায় এ হট্টগোলের ঘটনা ঘটে।

পৌরসভার লাইসেন্স সহকারী মো. মোস্তফা এই হামলার শিকার হন। জানা যায়, একজন ব্যক্তির নামে ৫টির বেশি টমটমের লাইসেন্স থাকলে পৌর প্রশাসকের বিশেষ অনুমতি ছাড়া তা প্রদান বা নবায়ন না করার বিষয়ে প্রশাসনের কঠোর নির্দেশনা রয়েছে।

 

ভুক্তভোগী কর্মচারী মো. মোস্তফা জানান, সাবেক কাউন্সিলর জামশেদ ৫টির অধিক লাইসেন্স নিতে এলে তিনি প্রশাসকের নির্দেশনার কথা জানান। এতে ওই বিএনপি নেতা ক্ষিপ্ত হন। মোস্তফা বলেন, “প্রধান নির্বাহী কর্মকর্তার (সিইও) মৌখিক নির্দেশনার কথা বলে তিনি আমাকে লাইসেন্সগুলো দিতে চাপ দেন। কিন্তু আমি নথিপত্র যাচাই করে দেখি তাঁর নামে ৫টির বেশি লাইসেন্স রয়েছে। আমি বিষয়টি সিইও স্যারকে জানাই এবং নিয়ম অনুযায়ী পৌর প্রশাসকের অনুমতি নিয়ে আসতে বলি। এতে তিনি ক্ষিপ্ত হয়ে অফিসের সবার সামনে আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং একপর্যায়ে গায়ে হাত তোলেন। পরে সহকর্মীরা এসে আমাকে রক্ষা করেন।”

 

অন্যদিকে, মারধরের অভিযোগ অস্বীকার করলেও গালিগালাজের বিষয়টি পরোক্ষভাবে স্বীকার করেছেন কক্সবাজার জেলা কৃষক দলের সাবেক আহ্বায়ক ও সাবেক কাউন্সিলর আশরাফুল হুদা সিদ্দিকী জামশেদ। তিনি পাল্টা অভিযোগ করে বলেন, “পৌরসভার কয়েকজন কর্মকর্তা সিন্ডিকেট করে ১৩২টি লাইসেন্স এমন ব্যক্তিদের দিয়েছেন, যারা প্রকৃত গাড়ির মালিক নন। নাম পরিবর্তন করে এসব লাইসেন্স জালিয়াতি করা হয়েছে।” নিজের লাইসেন্স প্রসঙ্গে তিনি বলেন, “সিইও স্যারের নির্দেশ থাকার পরও মোস্তফা আমাকে প্রশাসকের কাছে যেতে বলেন। আর বকাঝকা করলে তা তো ভদ্রভাবে করা হয় না।”

 

পূর্বকোণ/আরআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট