বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে মো. জাফর আলম প্রকাশ বাবুল (৫৫) নামের এক কাঠ ব্যবসায়ীকে কুপিয়ে ও জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় পুলিশ অংক্ষ্যচিং মারমা নামের এক যুবককে সন্দেহভাজন হিসেবে আটক করেছে।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) গভীর রাতে বাইশারী ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ছাদো অং মার্মা পাড়ার বৌদ্ধ বিহার মাঠে এ ঘটনা ঘটে। নিহত বাবুল চিতার পাড়া এলাকার মৃত ওসমানের ছেলে।
শুক্রবার সকালে খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। ঘটনাটি জানাজানি হওয়ার পর এলাকায় পাহাড়ি বাঙালিদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হলে সেখানে সেনাবাহিনী, বিজিবি ও পুলিশ সদস্যরা যায়। অপ্রীতিকর ঘটনা আর আশঙ্কায় সেখানে নিরাপত্তা বাড়ানো হয়েছে।
পুলিশ ও স্থানীয়রা ধারণা, জুয়া খেলাকে কেন্দ্র করে পূর্ব শত্রুতার জের ধরে এ ঘটনা ঘটে থাকতে পারে। তবে পুলিশ এখনো হত্যাকাণ্ডের সুনির্দিষ্ট কারণ খুঁজে পায়নি।
বাইশারী পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) শওকত জামিল জানিয়েছেন, ঘটনাটি নিয়ে এলাকায় যাতে পাহাড়ি বাঙালি কোন সমস্যা এড়াতে নিরাপত্তা বাহিনী নিয়োজিত রয়েছে। প্রাথমিকভাবে পূর্বশত্রুতার জের ধরে ঘটনাটি ঘটে থাকতে পারে বলে মনে করা হচ্ছে। তবে পুলিশ পুরো ঘটনাটি তদন্ত করে দেখছে।
পূর্বকোণ/পিআর
















