চট্টগ্রাম শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬

সর্বশেষ:

কক্সবাজারে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ-যুবলীগের মিছিল, ১৩ জনের বিরুদ্ধে মামলা

কক্সবাজারে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ-যুবলীগের মিছিল, ১৩ জনের বিরুদ্ধে মামলা

কক্সবাজার সংবাদদাতা

১৭ সেপ্টেম্বর, ২০২৬ | ১০:০৯ অপরাহ্ণ

কক্সবাজার শহরে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ ও যুবলীগের ঝটিকা মিছিলের ঘটনায় সম্পৃক্ততার অভিযোগে ১৩ জনের নাম উল্লেখ করে সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা দায়ের করেছে পুলিশ। এই মামলায় অজ্ঞাতপরিচয় আরও ৫০ থেকে ৬০ জনকে আসামি করা হয়েছে।

পুলিশ ও মামলার বিবরণী সূত্রে জানা যায়, গত বুধবার ( ১৭ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে রামু থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে স্থানীয় যুবলীগ নেতা মোনাফ সিকদার ও সৈয়দ হোসেন রানাকে গ্রেপ্তার করে। পরবর্তীতে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ব্যানারে কক্সবাজার শহরে বের হওয়া ঝটিকা মিছিলে তাদের সম্পৃক্ততা পায় পুলিশ।

গ্রেপ্তারের পর রাতেই তাদের সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। বৃহস্পতিবার দুপুরে পুলিশ তাদের কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে কক্সবাজার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করলে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

মামলার এজাহার অনুযায়ী, এই ঝটিকা মিছিলের ঘটনায় দায়ের করা মামলায় গ্রেপ্তারকৃত যুবলীগ নেতা মোনাফ সিকদারকে প্রধান আসামি এবং সৈয়দ হোসেন রানাকে ২ নম্বর আসামি করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, কক্সবাজার শহর এলাকায় নিষিদ্ধ ঘোষিত সংগঠনের পক্ষে মিছিল বের করে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর অপচেষ্টার অভিযোগে এই আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম ও সিসিটিভি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে মিছিলে অংশগ্রহণকারীদের শনাক্ত করা হয়েছে। মামলায় পলাতক অন্যান্য আসামিদের আইনের আওতায় আনতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

পূর্বকোণ/রানা

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট