কক্সবাজারের চকরিয়া ও মাতামুহুরী উপজেলায় অবৈধ বালু উত্তোলন ও পরিবহন রোধে অভিযান চালিয়ে তিনটি বালুভর্তি ডাম্পার জব্দ করেছে উপজেলা প্রশাসন। এ সময় একাধিক শ্যালু মেশিন ধ্বংস করে নদীতে ডুবিয়ে দেওয়া হয়।
বৃহস্পতিবার ভোর ৬টা থেকে বিকাল পর্যন্ত চকরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. শফিউল আলমের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
প্রশাসন সূত্রে জানা যায়, অবৈধ বালু উত্তোলনকারীরা অভিযান ফাঁকি দিতে সময় পরিবর্তন করে মধ্যরাত থেকে সকাল ৯টা পর্যন্ত বালু উত্তোলন ও পরিবহন করছিলেন। এ তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার ভোরে অভিযান শুরু করে প্রশাসন।
অভিযানের শুরুতে চকরিয়া উপজেলার কৈয়ারবিল ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে ফোরকানের বালুমহল থেকে একটি বালুভর্তি ডাম্পার আটক করা হয়। পরে ফাঁসিয়াখালী ইউনিয়নের কুমারীছড়া এলাকায় আরও দুটি বালুভর্তি ডাম্পার আটক করা হয় ।
পরবর্তীতে মাতামুহুরী উপজেলার শাহারবিল ইউনিয়নের সাহাপাড়া এলাকায় অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত কয়েকটি শ্যালু মেশিন ধ্বংস করে নদীতে ডুবিয়ে দেওয়া হয়।
অভিযানের শেষ সময়ে চকরিয়া পৌরসভার বাটাখালী ব্রিজের দক্ষিণে নদীতে বসানো আরও একটি শ্যালু মেশিন জব্দ এবং একটি ধ্বংস করা হয়।
সহকারী কমিশনার (ভূমি) বলেন, প্রশাসনের চোখ ফাঁকি দিতে বালু উত্তোলনকারীরা গভীর রাত থেকে ভোর পর্যন্ত বালু উত্তোলন ও পরিবহন করছে। অবৈধ বালু উত্তোলন বন্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
অভিযানে ইউনিয়ন ভূমি সহকারী মোহাম্মদ আবুল মনছুর, পুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।
পূর্বকোণ/আদর
















