চট্টগ্রাম বৃহষ্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬

সর্বশেষ:

মিয়ানমার থেকে বাংলাদেশে পাচারকালে ৩ লাখ ১০ হাজার ইয়াবাসহ রোহিঙ্গা গ্রেপ্তার

মিয়ানমার থেকে বাংলাদেশে পাচারকালে ৩ লাখ ১০ হাজার ইয়াবাসহ রোহিঙ্গা গ্রেপ্তার

উখিয়া সংবাদদাতা

১৭ সেপ্টেম্বর, ২০২৬ | ৭:২৫ অপরাহ্ণ

কক্সবাজারের উখিয়া উপজেলার সীমান্ত এলাকায় ৬৪ বিজিবি’র পালাংখালী বিওপির অভিযানে মিয়ানমার থেকে ক্রয় করে পাচারকালে ৩ লাখ ১০ হাজার ইয়াবাসহ মো. জোনায়েত (২৬) নামে এক রোহিঙ্গা মাদককারবারীকে গ্রেপ্তার করেছে।

 

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) ভোর সকাল ৫ টা ২০ মিনিটের সময় সীমান্তবর্তী পালংখালী পানির পয়েন্টের উত্তর দিকে পোগরবুলখালী একটি মাছের ঘের দিয়ে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করার সময় তাকে গ্রেপ্তার করা হয়।

 

গ্রেপ্তারকৃত আসামি মো. জোনায়েত রোহিঙ্গা ক্যাম্প-১৬, ব্লক-সি-২, সুবলংকাটার বাসিন্দা নরু হোসেন এর ছেলে

 

৬৪ বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল মোঃ জহিরুল ইসলাম জানান, বৃহস্পতিবার ভোর সকালে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) এর অধীনস্থ পালংখালী বিওপি’র বিশেষ টহল দল বাংলাদেশের অভ্যন্তরে সীমান্তবর্তী পালংখালী পানির পয়েন্টের উত্তর দিকে পোগরবুলখালী হোসেন বলীর ঘেরের দক্ষিণ পাশ দিয়ে মিয়ানমার দিক থেকে ১ জন ব্যক্তি লুঙ্গি দিয়ে প্যাচানো ২টি পোটলা হাতে নিয়ে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে দেখে সন্দেহ হয়। পরে বিজিবি’র টহল দল তাকে চ্যালেঞ্জ করলে সে দৌড়ে পালিয়ে যাওয়ার সময় রোহিঙ্গা জোনায়েতকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

 

পরবর্তীতে তল্লাশী চালিয়ে তার হাতে থাকা পোটলার ভিতরে খাকী রঙ্গের প্যাকেটে মোড়ানো ৩ লক্ষ ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। তিনি আরো জানান, আটককৃত ব্যক্তিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে উক্ত ইয়াবা মিয়ানমার সীমান্ত হতে ক্রয় করে অধিক দামে বিক্রয়ের উদ্দেশ্য বহন করছিল বলে স্বীকার করে।

 

মাদক সরবরাহকারী এবং জড়িত চোরাকারবারীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে বলে জানান ৬৪ বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল মো. জহিরুল ইসলাম।

পূর্বকোণ/রাকিব

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট