চট্টগ্রাম বৃহষ্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬

সর্বশেষ:

ফটিকছড়িতে দশ লাখ টাকা চাঁদা দাবির মামলার ৪ আসামি কারাগারে

ফটিকছড়িতে দশ লাখ টাকা চাঁদা দাবির মামলার ৪ আসামি কারাগারে

অনলাইন ডেস্ক

১৭ সেপ্টেম্বর, ২০২৬ | ৫:৩৭ অপরাহ্ণ

ফটিকছড়িতে বসতঘরে প্রবেশ করে হামলা, ভাঙচুরসহ পরিবারের সদস্যদের মারধর করে ১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে দায়ের করা মামলার চার আসামিকে কারাগারে পাঠিয়েছেন আদলত। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) চট্টগ্রাম সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সায়মা আফরীন হীমা’র আদালত শুনানি শেষে এ আদেশ দিয়েছেন।

 

কারাগারে পাঠানো আসামিরা হলেন- ফটিকছড়ির উত্তর ধুরুং এলাকার আবু ছালেক (৪৫), দক্ষিণ রাঙ্গামাটিয়া এলাকার মো. হোসাইন চৌধুরী (৪২), দক্ষিণ পাইন্দং এলাকার মো. সেনাউল করিম (৪০) এবং লেলাং এলাকার আবু তাহের মুহুরী (৪৮)।

 

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৭ সেপ্টেম্বর সকাল ৯টার দিকে আসামিরা অজ্ঞাতনামা আরও ২০ থেকে ৩০ জনকে সঙ্গে নিয়ে ধারালো দা, লোহার রড, কাঠের বাটাম ও বাঁশের লাঠিসোঁটা নিয়ে ফটিকছড়ি পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের উত্তর রাঙ্গামাটিয়া এলাকার বাসিন্দা মো. মাসুদ অর রশিদ চৌধুরীর বসতবাড়িতে প্রবেশ করেন।

 

এ সময় তারা মাসুদ ও তার পরিবারের সদস্যদের অকথ্য ভাষায় গালিগালাজ করেন। এর প্রতিবাদ করলে আসামিরা তাকে হত্যার উদ্দেশ্যে মারধর করে শরীরের বিভিন্ন স্থানে জখম করেন। মাসুদের বোন সায়রা আক্তার তাকে উদ্ধারে এগিয়ে গেলে আসামিরা তার চুলের মুঠি ধরে টানাহেঁচড়া করেন এবং মারধরের জন্য উদ্যত হন। আসামিরা মাসুদসহ পরিবারের সদস্যদের বসতঘরে আটকে রেখে বাড়ির গেটের দেওয়াল, গেটের তালা ও সিসি ক্যামেরা ভাঙচুর করেন।

 

এতে প্রায় দুই লাখ টাকার ক্ষতি হয়েছে। আসামিরা তার কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করেন। দাবিকৃত টাকা না দিলে তাকে ও পরিবারের সদস্যদের হত্যা করে লাশ গুম এবং বসতবাড়ি দখল করে নেওয়ার হুমকি দেওয়া হয়। ঘটনার পরও আসামিরা বাড়ির সামনে মহড়া দিয়ে হুমকি-ধমকি অব্যাহত রাখেন। এ ঘটনায় গত ৯ সেপ্টেম্বর ফটিকছড়ি থানায় মামলা দায়ের করা হয়।

 

বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট নজরুল ইসলাম বলেন, বসতঘরে প্রবেশ করে হামলা, ভাঙচুর ও পরিবারের সদস্যদের মারধরের পাশাপাশি ১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে দায়ের করা মামলায় চার আসামি আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত তাদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।

 

পূর্বকোণ/রাকিব

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট