চট্টগ্রাম বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬

থানচিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়েছে ১৩ দোকান, দেড় কোটি টাকার ক্ষয়ক্ষতি

থানচিতে ভয়াবহ আগুনে পুড়ল ১৩ দোকান, দেড় কোটি টাকার ক্ষতি

থানচি সংবাদদাতা

১৬ সেপ্টেম্বর, ২০২৬ | ১১:১৩ পূর্বাহ্ণ

বান্দরবানের থানচি উপজেলার বলীপাড়া বাজারে ভয়াবহ আগুনে ১৩টি দোকান পুড়ে গেছে। এতে প্রায় ১ কোটি ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন বলীপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়াঅং মারমা।

বুধবার (১৬ সেপ্টেম্বর) ভোর ৪টায় বাজারের পাহারাদার আগুন দেখতে পেয়ে দ্রুত ফায়ার সার্ভিসে খবর দেন। খবর পেয়ে স্থানীয়রা, ফায়ার সার্ভিস, পুলিশ ও বিজিবির সদস্যরা ঘটনাস্থলে আসেন। তারা ১ ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে।

আগুনে ক্ষতিগ্রস্তরা হলেন- রিপন জ্যোতি চাকমা, প্রদীপ চাকমা, বাদুরাম ত্রিপুরা, চিকন্যা চাকমা, পারবিন আক্তার, সাথোয়াই মারমা শংঙ্খ রাজ চাকমা, নিহার বিন্দু চাকমা, প্রনিজ চাকমা, উনুচিং মারমা, মধু মঙ্গল চাকমা, কাজল কর্মকার ও আবু বক্কর সওদাগর।

বলীপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়াঅং মারমা বলেন, আগুনে ১৩টি দোকানের মালামাল পুড়ে গেছে। আগুনে আনুমানিক ১ কোটি ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তাদের তালিকা করে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আবদুল্লাহ-আল-ফয়সালের কাছে আজ জমা দেওয়া হবে। ইউনিয়ন পরিষদ থেকে ক্ষতিগ্রস্তদের ত্রাণসামগ্রী দেওয়ার প্রস্তুতি নিয়েছি।

ক্ষতিগ্রস্ত নিহার বিন্দু চাকমা ও চিকন্যা চাকমা বলেন, ১৩টি দোকানের কোনো মালিকই রাতে দোকানে ছিলেন না। সবাই নিজ নিজ বাড়িতে ছিলেন। আগুনের খবর পেয়ে দোকানে পৌঁছানোর আগেই সবকিছু পুড়ে ছাই হয়ে যায়। তাদের ধারণা, কোনো একটি দোকানে ফ্রিজ চালু থাকা কিংবা গ্যাসের চুলা অতিরিক্ত গরম হয়ে বিস্ফোরণের মাধ্যমে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে।

থানচি ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার রহিদুল ইসলাম মৃধা বলেন, প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে আগুনের প্রকৃত কারণ তদন্ত শেষ না হওয়া পর্যন্ত নিশ্চিতভাবে বলা যাবে না।

পূর্বকোণ/ইবনুর/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট