চট্টগ্রাম মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬

সর্বশেষ:

পাত্রী দেখার আনন্দের মাঝেই থমকে গেল জীবন, ডেঙ্গুতে যুবকের মৃত্যু

সীতাকুণ্ড

পাত্রী দেখার আনন্দের মাঝেই থমকে গেল জীবন, ডেঙ্গুতে যুবকের মৃত্যু

সীতাকুণ্ড সংবাদদাতা

১৫ সেপ্টেম্বর, ২০২৬ | ১১:০৪ অপরাহ্ণ

পাত্রী দেখার আনন্দ আর বিয়ের রঙিন প্রস্তুতির মাঝেই থমকে গেল ২৪ বছরের তরুণ মো. রাফসানের জীবন। ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে না ফেরার দেশে চলে গেছেন চট্টগ্রামের সীতাকুণ্ডের এই যুবক।

 

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে নগরের একটি হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এই আকস্মিক ও মর্মান্তিক মৃত্যুতে রাফসানের পরিবারে বিয়ের সমস্ত আনন্দ মুহূর্তেই বিষাদে রূপ নিয়েছে, যা পুরো এলাকায় গভীর শোকের ছায়া ফেলেছে।

 

নিহত রাফসান উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের মীর্জানগর গ্রামের নুরুল ইসলামের ছেলে।

 

পারিবারিক সূত্রে জানা যায়, প্রায় আট দিন আগে রাফসান ডেঙ্গুতে আক্রান্ত হন। এরপর থেকেই তার চিকিৎসা চলছিল। তবে শারীরিক অবস্থার দ্রুত অবনতি হলে তাকে চট্টগ্রাম নগরের ইমপেরিয়াল হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার দুপুরে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

 

রাফসানের চাচা, সাংবাদিক সাইদুল হক জানান, চলতি বছরেই রাফসানের বিয়ের জন্য পারিবারিকভাবে প্রস্তুতি নেওয়া হচ্ছিল এবং পাত্রী দেখাও চলছিল। আনন্দের সেই দিনগুলো হঠাৎ করেই স্তব্ধ হয়ে গেছে। তার এই অকাল মৃত্যুতে পুরো পরিবার ও আত্মীয়স্বজনদের মাঝে এখন শুধু শোকের মাতম চলছে।

 

পূর্বকোণ/রানা/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট